ওয়াশিংটন, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাইবার গোয়েন্দারা কয়েকবার পেন্টাগনের সবচেয়ে ব্যয়বহুল সমরাস্ত্র কর্মসূচি 'জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রজেক্ট' হ্যাক করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার একথা জানিয়েছে।
বিষয়টি সম্পর্কে জানেন এমন বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, পেন্টাগনের নেটওয়ার্কে অবৈধ অনুপ্রবেশকারীরা অস্ত্রের নকশা এবং ইলেক্ট্রনিক্স ব্যবস্থা সংক্রান্ত তথ্য কপি করতে এবং নিয়ে নিতে সক্ষম হয়েছে। ফলে ওই বিমানের বিরুদ্ধে প্রতিরক্ষা সহজ হয়ে যেতে পারে বলেও জানান তারা।
অবশ্য পত্রিকাটি জানিয়েছে, ফাইটার প্রকল্পের সবচেয়ে স্পর্শকাতর তথ্যের নাগাল পায়নি হ্যাকাররা। কেননা স্পর্শকাতর তথ্য আলাদাভাবে পেন্টাগনের এমন সব কম্পিউটারে রাখা ছিল যা ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত ছিল না।
বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে এমন ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, ফাইটার জেট প্রকল্পে নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত দুই তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে ঢুকে এসব তথ্য চুরির সুযোগ পায় হ্যাকাররা।
পেন্টাগনের ৩০০ বিলিয়ন ডলারের এ ফাইটার প্রকল্পের সবচেয়ে বড় ঠিকাদার 'লকহিড মার্টিন কর্পোরেশন'। এছাড়া বড় দুই ঠিকাদার হল 'নর্থরপ গ্র"ম্যান কর্পোরেশন' এবং 'বিএই সিস্টেমস পিএলসি'।
এ বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হলে কোনো কথা বলতে রাজি হয়নি লকহিড মার্টিন এবং বিএই আর নর্থরপ এ বিষয়ে লকহিডের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয় ওয়াল স্ট্রিট জার্নালকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২৫ ঘ.
bdnews24