লন্ডন, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বের অন্যতম শীর্ষ বিজ্ঞানী পদার্থবিদ স্টিফেন হকিং গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সোমবার তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় একথা জানিয়েছে।
'এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম' এর রচয়িতা ৬৭ বছর বয়সী হকিং 'মোটর নিউরন' রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই প্রায় সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত জীবন কাটাচ্ছেন।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত এবং তত্ত্বীয় পদার্থবিদ্যা বিষয়ে অধ্যাপনা করছেন হকিং।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, "অধ্যাপক হকিং খুবই অসুস্থ এবং তাকে একটি অ্যাম্বুলেন্সে করে (ক্যামব্রিজের) এডেনব্র"কস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"
কম্পিউটার-নিয়ন্ত্রিত 'ভয়েস সিনথেসাইজার' এর সাহায্যে কথা বলতে সক্ষম হকিং গত কয়েক সপ্তাহ ধরেই বেশ অসুস্থ ছিলেন। যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসার পর রোববার থেকেই তার অসুস্থতা বাড়তে থাকে।
'চেস্ট ইনফেকশন' এর কারণে গত ৬ এপ্রিল আরিজোনা স্টেট ইউনিভার্সিটিতে তার একটি পূর্ব র্নিধারিত লেকচার বাতিল করা হয়। পরিবর্তে তার একটি রেকর্ডকরা লেকচার বিজ্ঞান সম্মেলনটিতে প্রচার করা হয়।
একটি সূত্র জানায়, এর আগে নিউমোনিয়ার জন্য চিকিৎসা নিচ্ছিলেন হকিং এবং ধারণা করা হচ্ছে এবারের অসুস্থতাও 'চেস্ট ইনফেকশন' এর সঙ্গে সম্পর্কিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৩২ ঘ.
bdnews24