২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপি ক্ষমতায় গেলে ভারত-মার্কিন পরমাণু চুক্তি বাতিল করবে না

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান লালকৃষ্ণ আদভানি বলেছেন ক্ষমতায় গেলে তার সরকার ভারত-মার্কিন পরমাণু চুক্তি বাতিল করবে না। লোকসভা নির্বাচন চলাকালে সোমবার তিনি এ মন্তব্য করলেও গত বছর চুক্তিটি সম্পাদনের সময় এর তীব্র বিরোধিতা করেছিল তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 07:46 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

নয়াদিল্লি, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান লালকৃষ্ণ আদভানি বলেছেন ক্ষমতায় গেলে তার সরকার ভারত-মার্কিন পরমাণু চুক্তি বাতিল করবে না। লোকসভা নির্বাচন চলাকালে সোমবার তিনি এ মন্তব্য করলেও গত বছর চুক্তিটি সম্পাদনের সময় এর তীব্র বিরোধিতা করেছিল তার দল। এক নির্বাচনী সমাবেশে আদভানি বলেন, ক্ষমতায় গেলে পরমাণু চুক্তিটির বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা তবে চুক্তি বাতিল করা হবে না। হিন্দুস্তান টাইমস পত্রিকাটি একথা জানিয়েছে। ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পরমাণু চুক্তি করার সময় এর বিরোধিতা করে পার্লামেন্টে অনাস্থা ভোট আহ্বান করে বিজেপি। বিতর্কিত এ পরমাণু চুক্তি নিয়ে বিরোধে কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় কমিউনিস্ট দলগুলোও। তবে, বিজেপির মতোই তারাও জানিয়েছে ক্ষমতায় গেলে চুক্তিটি পর্যালোচনা করবে তারা। ওদিকে, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি'র (এনসিপি) প্রধান শারদ পাওয়ারকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে দক্ষিণ ভারতের অন্যতম প্রধান দল 'এআইএডিএমকে'। পাওয়ার এখন ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন জোটের অংশ হলেও কমিউনিস্টদের নেতৃত্বাধীন 'তৃতীয় মোর্চা' নির্বাচনে ভাল ফলাফল করলে তিনি তাদের সঙ্গে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস আরও জানায় যে, 'এআইএডিএমকে' দলের প্রধান জয়ললিতা পাওয়ারকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থনের ঘোষণা দেওয়ায় বিব্রতকর অবস্থায় পড়তে পারে কংগ্রেস। পাশাপাশি তৃতীয় মোর্চাও বেকয়াদায় পড়তে পারে পাওয়ারকে নিয়ে। কেননা, ইতোমধ্যেই প্রধানমন্ত্রী পদের দাবিদার বেশি হয়ে যাওয়ায় সমঝোতায় পৌছাঁতে পারছে না ওই শিথিল রাজণৈতিক জোটটি। ওদিকে, প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার বলেছেন, কংগ্রেস নেতৃত্বাধীণ জোট ক্ষমতায় ফিরতে পারবে বলে তিনি আত্মবিশ্বাসী। তবে, নির্বাচনোত্তর যে কোনো সমঝোতার জন্যও প্রস্তুত কংগ্রেস। মঙ্গলবার দ্য এশিয়ান এজ পত্রিকাটি একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪৫ ঘ.