২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসেও তামিলদের বিক্ষোভ, দেড় শতাধিক গ্রেপ্তার

শ্রীলংকায় যুদ্ধবিরতির দাবিতে সোমবার লন্ডনের পাশাপাশি প্যারিসেও বিক্ষোভ-সমাবেশ করেছে প্রবাসী তামিলরা। ওদিকে, বিক্ষোভ চলাকালে প্রায় ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2009, 07:02 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

প্যারিস, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় যুদ্ধবিরতির দাবিতে সোমবার লন্ডনের পাশাপাশি প্যারিসেও বিক্ষোভ-সমাবেশ করেছে প্রবাসী তামিলরা। ওদিকে, বিক্ষোভ চলাকালে প্রায় ১৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশেরএক মুখপাত্র জানায়, অনুমোদিত ওই বিক্ষোভ চলাকালে তামিলরা উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। প্রবাসী তামিলরা দেশের সংঘাতের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য বিশ্বের বড় বড় শহরে প্রতিবাদ-বিক্ষোভ করে আসছে। তবে লন্ডনেই তারা সবচেয়ে সোচ্চার। কারণ নিজস্ব একটি ভূখণ্ড না পাওয়ার জন্য তারা শ্রীলংকার সাবেক ঔপনিবেশিক শাসক ব্রিটেনকে দায়ী করে থাকে। পুলিশের ওই মুখপাত্র জানান, বিক্ষোভকারীরা প্যারিসের উত্তরাঞ্চলের একটি রাস্তা অবরোধ করে রাখে এবং তিনটি বাস ও পুলিশকে উদ্দেশ্যে করে বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে। এতে এক পুলিশসহ চারজন সামান্য আহত হয়েছে। এই সমাবেশকে "সশস্ত্র সমাবেশ" বলে আখ্যা দিয়েছে পুলিশ। সাধারণত ছুরি, বন্দুক এবং ঘরে তৈরী বোমা বা এ ধরনের অস্ত্র নিয়ে সমাবেশে আসলে সে সমাবেশকে এ আখ্যা দেওয়া হয়ে থাকে। শ্রীলংকার সরকার ও তামিল টাইগার বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির দাবিতে সোমবার লন্ডনেও হাজার হাজার প্রবাসী তামিল ব্রিটিশ পার্লামেন্টের সামনে কয়েকটি রাস্তা আটকে বিক্ষোভ করেছে। একটি ছোট অঞ্চলে অবরুদ্ধ হয়ে পড়া তামিল বিদ্রোহীদের সঙ্গে হাজার হাজার বেসামরিক লোকও আটকা পড়ে আছে। সেখানে শ্রীলংকার সেনাবাহিনী বোমাবর্ষণ করছে এবং পালিয়ে যাওয়ার চেষ্টারত বেসামরিক তামিলদের লক্ষ্য করে বিদ্রোহীরা গুলি করছে বলেও জাতিসংঘ অভিযোগ করেছে। ওদিকে, সোমবার কয়েক হাজার বেসামরিক লোক সংঘাত অঞ্চল থেকে পালিয়ে যাওয়ার পর শ্রীলংকার সরকার আত্মসমর্পণ করার জন্য তামিল টাইগারদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৫৭ ঘ.