২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে তামিলদের বিশাল বিক্ষোভ

শ্রীলংকার সরকার ও তামিল টাইগার বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির দাবিতে সোমবার লন্ডনে হাজার হাজার প্রবাসী তামিল ব্রিটিশ পার্লামেন্টের সামনে কয়েকটি রাস্তা আটকে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে দ্রুত বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

লন্ডন, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার সরকার ও তামিল টাইগার বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির দাবিতে সোমবার লন্ডনে হাজার হাজার প্রবাসী তামিল ব্রিটিশ পার্লামেন্টের সামনে কয়েকটি রাস্তা আটকে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে দ্রুত বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ব্রিটিশ পার্লামেন্টের নতুন অধিবেশনের শুরুর দিনে বিক্ষোভকারীরা পার্লামেন্টের সামনের স্কোয়ার থেকে ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ করে দেয়। তীব্র উত্তেজনা থাকলেও বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবেই তাদের ক্ষোভ ব্যক্ত করে। বিক্ষোভকারীদের হাতে হাতে থাকা ব্যানারে দেশের সংঘাত ও যুদ্ধকে সরকারের নেতৃত্বে গণহত্যা বলে উল্লেখ করা হয়। শ্রীলংকায় এদিন সেনাবাহিনী তামিল টাইগারদেরকে আত্মসমর্পণের জন্য ২৪ ঘন্টার সময় বেধে দিয়েছে । যুদ্ধাঞ্চল থেকে প্রায় ৫,০০০ বেসামরিক তামিল পালিয়ে আসার পরপরই এ আলটিমেটাম দেওয়া হয়। পালাতে থাকা এসব লোকদের ভিড়ে চালানো আত্মঘাতী বোমা হামলায় নারী ও শিশু মিলিয়ে কমপক্ষে ১৭জন নিহত হয়। আহত হয়েছে অন্তত ২০০ জন। প্রবাসী তামিলরা দেশের সংঘাতের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য বিশ্বের বড় বড় শহরে প্রতিবাদ-বিক্ষোভ করে আসছে। তবে লন্ডনেই তারা সোচ্চার বেশি কারণ নিজস্ব একটি ভূখণ্ড না পাওয়ার জন্য তারা শ্রীলংকার সাবেক ঔপনিবেশিক শক্তি ব্রিটেনকে দায়ী করে থাকে। ব্রিটেনে তামিলদের সংখ্যা প্রায় দুই লাখ। দেশে সরকারি সেনারা তামিল যোদ্ধাদের উত্তর-পূর্বের একটি সংকীর্ণ এলাকায় ঘেরাও করে ফেলার পর দু'সপ্তাহ ধরে প্রবাসী তামিলারা লন্ডনে বিক্ষোভ করে যাচ্ছে। ঘেরাও হয়ে থাকা তামিল যোদ্ধাদের সঙ্গে আটকা পড়েছে এক লাখের বেশি বেসামরিক তামিল। সরকারের অভিযোগ, মানবঢাল হিসেবে ব্যবহারের জন্য বেসামরিক লোকদের সরে যেতে দিচ্ছে না টাইগাররা। এরই মধ্যে সেখানে সরকারি সেনাদের বোমাবর্ষণও চলছে। এতে নিরীহ মানুষের হতাহত হওয়া ক্রমেই বেড়ে চলেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্র"প শ্রীলংকায় এক মানবিক ট্রাজেডি শুরু হচ্ছে বলে বিশ্বকে সোমবার সতর্কবাণী শুনিয়েছে। লন্ডনে বিক্ষোভকালে ২৯ বছর বয়সী সায়ান সেলভারাতনান বলেন, "প্রতিদিন শত শত তামিল মারা যাচ্ছে। আমরা এটা চলতে দিতে পারি না।" সেলভারাতনান আট বছর আগে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। তার বাবা-মা শ্রীলংকার উত্তরে নিজ বাড়িতে রয়ে গেছেন যে অঞ্চলটিকে নিজস্ব স্বাধীন আবাসভূমি করার জন্য কয়েক দশক ধরে সরকারের বিরুদ্ধে লড়ে গেছে তামিল টাইগাররা। সেলভারাতনান বলেন, "হত্যাকাণ্ড বন্ধ করতে আমরা যুদ্ধবিরতির দাবি জানাচ্ছি। হত্যা বন্ধে আমাদের কিছু একটা করতেই হবে।" ব্রিটিশ পুলিশ দূরত্ব বজায় রেখে বিক্ষোভকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করেছে এবং নিজে থেকেই বিক্ষোভ থেমে যাওয়ার অপেক্ষায় থেকেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৩৯ ঘ.