নয়াদিল্লি, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত সোমবার ইসরায়েলের তৈরি সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করেছে। গত বছর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক নজরে আসার পর নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে ভারত এ পদক্ষেপ নিল।
এই উপগ্রহ উৎক্ষেপণের মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক গড়ে ওঠার বিষয়টিও স্পষ্ট হয়ে উঠেছে। রাশিয়ার পর ইসরায়েলই এখন ভারতে সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ।
ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই গোয়েন্দা উপগ্রহের সাহায্যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আন্তর্জাতিক সীমানার ওপর নজর রাখতে পারবে। তাছাড়া, এর সাহায্যে সীমান্তে সেনা মোতায়েন কিংবা জঙ্গি অনুপ্রবেশও টের পাওয়া যাবে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন (আইএসআরও)'র মুখপাত্র দেশের দক্ষিণাঞ্চলীয় উপগ্রহ উৎক্ষেপণস্থল থেকে টেলিফোনে বলেন, "উৎক্ষেপণ নিখুঁত হয়েছে এবং উপগ্রহটি কক্ষপথে রয়েছে।"
তিনি বলেন, "সব গোয়েন্দা উপগ্রহই সারা বছর ধরে পরিষ্কার ছবি পাঠাতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২১ ঘ.
bdnews24