বেইজিং, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ'র প্রধান এল বারাদি উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক অচলবস্থা নিরসনে নতুন করে আলোচনা শুরুর আহ্বান জানিয়ে বলেছেন, এছাড়া সমস্যার আর কোনও সমাধান নেই।
ছয়-জাতি নিরস্ত্রীকরণ আলোচনা আবার শুরু হবে এবং উত্তর কোরিয়া আবার আইএইএ অস্ত্র পরিদর্শকদের পিয়ংইয়ং এ ফিরিয়ে নেবে বলে বারাদি আশা প্রকাশ করেন।
বেইজিংয়ে পরমাণু জ্বালানি বিষয়ক এক সম্মেলনে বারাদি বলেন, "এই সমস্ত ইস্যুর সমাধান পেশীশক্তি ব্যবহার করে হবে না। আসল কারণগুলো নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করতে হবে।"
জাতিসংঘ অস্ত্র পরিদর্শকরা গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া ত্যাগের নির্দেশের মুখে পিয়ংইয়ং ছেড়েছে। উত্তর কোরিয়া মঙ্গলবার জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা বন্ধ করে তাদেরকে দেশ ছাড়ার নির্দেশ দেয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ৫ এপ্রিল উত্তর কোরিয়ার রকেট হামলার নিন্দা জানিয়ে পিয়ংইয়ং এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানানোর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় দেশটি ছয়-জাতি নিরস্ত্রীকরণ আলোচনা বয়কট করে পরমাণু স্থাপনা আবারও চালুর ওই ঘোষণা দেয় এবং এরপরপরই জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের দেশ ছাড়তে বলে।
উত্তর কোরিয়ার দাবি, তারা কক্ষপথে উপগ্রহ পাঠিয়েছে। কিন্তু পশ্চিমাদের ধারণা, উত্তর কোরিয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪১ ঘ.
bdnews24