২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরসরি আলোচনার বিরোধী কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই রোববার বলেছেন, তালেবানদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে জঙ্গি তৎপরতা ঠেকানোর যুক্তরাষ্ট্রের চেষ্টা ব্যর্থ হবে। তার সরকার এ ধরনের আলোচনায় রাজি না হওয়া পর্যন্ত ওই চেষ্টা কাজে আসবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 10:19 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ওয়াশিংটন, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই রোববার বলেছেন, তালেবানদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে জঙ্গি তৎপরতা ঠেকানোর যুক্তরাষ্ট্রের চেষ্টা ব্যর্থ হবে। তার সরকার এ ধরনের আলোচনায় রাজি না হওয়া পর্যন্ত ওই চেষ্টা কাজে আসবে না। ওবামা প্রশাসন আফগানিস্তানে বাড়তি সেনা এবং অর্থনৈতিক সাহায্য পাঠানোর ঘোষণা দেওয়ার পাশাপাশি ওই অঞ্চলে তালেবানদের ঠেকাতে কূটনীতি জোরদার করার ঘোষণা দিয়েছে। কিন্তু সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে কারজাই তালেবান তৎপরতা ঠেকাতে তাদের সঙ্গে মার্কিন সেনা কমান্ডারদের সরাসরি আলোচনার কৌশলের বিরোধিতা করেন। সিএনএন এর 'জিপিএস' প্রোগ্রামে কারজাই বলেন, "কৌশলগত পর্যায়ে নির্দিষ্ট কোনও তালেবান কমান্ডারের সঙ্গে স্থানীয় চুক্তি করতে চাইলে সেটি ভাল। কিন্তু তারপরও সেটি হতে হবে স্থানীয় ও প্রাদেশিক পর্যায়ে আফগান প্রশাসনের সঙ্গে চুক্তির ভিত্তিতে। আফগান প্রশাসনের জ্ঞাতার্থে তা না হলে শান্তি প্রক্রিয়া সফলতার মুখ দেখবে না।" মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ২০০১ সালে আফগানিস্তানে তালেবান শাসন উচ্ছেদ করার পর জঙ্গিরা পাকিস্তানে পালিয়ে গিয়ে সেখানে নতুন করে সুসংগঠিত হয়েছে। গত তিন বছরে তাদের সাফল্যে যুক্তরাষ্ট্র শঙ্কিত এবং তাদের বাড়তে থাকা জঙ্গি তৎপরতা আফগানিস্তানের গন্ডি পেরিয়ে পাকিস্তানকেও গ্রাস করতে পারে বলে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে মোতায়েন ৭০ হাজার সেনার সঙ্গে বাড়তি আরও ১৭ হাজার সেনা মোতায়েন করছে। আগস্টে আফগানিস্তানে নির্বাচনের আগে নিরাপত্তা রক্ষায় ন্যাটো নেতারাও সেখানে সেনা সংখ্যা ৩ হাজার পর্যন্ত বাড়াতে রাজি হয়েছেন। কারজাই ২০০৪ সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র তাকে কিংবা অন্য কোনও প্রেসিডেন্ট পদপ্রার্থীকে সমর্থন দেবে না বলে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৫ ঘ.