পোর্ট অফ স্পেন, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শনিবার দুই দেশের স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনতে ওয়াশিংটন ও কারাকাসে নতুন করে পরষ্পরের রাষ্ট্রদূত পাঠানো নিয়ে আলোচনা করেছেন।
মার্কিন প্রশাসনের কট্টর সমালোচক শ্যাভেজ গত সেপ্টেম্বরে বলিভিয়ায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড নিয়ে বিতর্কে কারাকাস থেকে ওয়াশিংটনের রাষ্ট্র্রদূতকে বহিস্কার করেন। প্রত্যুত্তরে কারাকাসের রাষ্ট্রদূতকে বের করে দেয় ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবার্ট উড জানান, "আজ (শনিবার) সকালে আমেরিকা সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ক্লিনটনের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট শ্যাভেজ। তারা ওয়াশিংটন এবং কারাকাসের রাষ্ট্রদূতদ ফেরৎ পাঠানোর আলোচনা করেছেন।"
মুখপাত্র বলেন, "এটি একটি ইতিবাচক অগ্রগতি যা যুক্তরাষ্ট্রের স্বার্থ সহায়ক হবে এবং এখন পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে কাজ করবে।"
ওদিকে, প্রেসিডেন্ট শ্যাভেজ সাংবাদিকদের জানিয়েছেন, সাবেক এক পররাষ্ট্রমন্ত্রীকে রাষ্ট্রদূত করার প্রস্তাব করেছেন তিনি।
ত্রিনিদাদে আমেরিকা সম্মেলনে সমবেত সাংবাদিকদের তিনি বলেন, "আমি রয় শ্যাদেরটনের সঙ্গে কথা বলেছি এবং তাকে যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছি।"
তিনি আরও বলেন, "এখন শ্যাদেরটনের অনুমোদনের জন্য আমাদের যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করতে হবে। যাতে তিনি সম্পর্কের এক নতুন যুগের নেতৃত্ব দিতে তার গুরুত্বপূর্ণ পদে যোগ দিতে পারেন।"
হোয়াইট হাউসে বারাক ওবামা থাকাকালে ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের সম্পর্কে উন্নতির বিষয়ে তার কোনো সন্দেহ নেই
bdnews24