সউল, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা পুনরায় চালু করাকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে যৌথ শিল্পপার্ক নিয়ে উত্তর কোরিয়ার বিরল আলোচনা প্রস্তাবে রোববার রাজি হয়েছে দক্ষিণ কোরিয়া।
দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র লি জং জু এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, দক্ষিণ কোরিয়া মঙ্গলবার কায়েসং শিল্পপার্কে ১০ কর্মকর্তার একটি দল পাঠাবে। উত্তর কোরিয়া সেখানে দক্ষিণ কোরিয়ার এক কর্মীকে কয়েক সপ্তাহ ধরে আটকে রেখেছে।
উত্তর কোরিয়া ইয়ংবিয়ন পরমাণু স্থপনা পুনরায় চালু করার ঘোষণা দিয়ে জাতিসংঘ পরমাণু অস্ত্র পরিদর্শকদের দেশ থেকে বের করে দেওয়ার পর শিল্পপার্ক নিয়ে আলোচনার এই পদক্ষেপ নিল।
মুখপাত্র লি জং জু বলেন, "আমরা দক্ষিণ কোরিয়দের নিরাপত্তার বিষয়টিসহ কায়েসং শিল্পপার্কের উন্নয়নকে অগ্রধিকার দিচ্ছি।" মঙ্গলবার অনুষ্ঠেয় এই বৈঠক সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।
দুই কোরিয়ার মধ্যে একসময়কার ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার মডেল হিসাবে প্রসংশিত কায়েসং ল্পিপার্ক নিয়ে গত কয়েকমাসে সংঘাতে জড়িয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়া কায়েসং থেকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বহিস্কার করাসহ ওই কারখানার কাজে বাধা দেয়। তাছাড়া উত্তর কোরিয়া কারখানাটির এক দক্ষিণ কোরিয় কর্মীকে তিন সপ্তাহ ধরে আটকে রেখেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই কর্মী উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থা নিয়ে বিরূপ মন্তব্য করায় পিয়ংইয়ং ক্ষুব্ধ।
মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে অনেক বিষয়েই আলোচনা বন্ধ করে দেওয়া উত্তর কোরিয়া শনিবার কায়েসং শিল্পপার্ক নিয়ে আলোচনার অনুরোধ জানায়।
এই অনুরোধ জানানোর পরপরই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম অস্ত্র প্রবাহের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্যোগে দক্ষিণ কোরিয়াকে যোগ না দেওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়। সেইসঙ্গে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুদ্ধ বলেই গণ্য হবে বলেও জানায় গণমাধ্যম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৪ ঘ.
bdnews24