২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি-মার্কিন সাংবাদিকের ৮ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইরানি-মার্কিন সাংবাদিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। রোকসানা সাবেরি নামের এই সাংবাদিকের আইনজীবী রয়টার্সকে শনিবার একথা জানান। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

তেহরান, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইরানি-মার্কিন সাংবাদিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। রোকসানা সাবেরি নামের এই সাংবাদিকের আইনজীবী রয়টার্সকে শনিবার একথা জানান। রোকসানা একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে বিবিসি ও ন্যাশনাল পাবলিক রেডিও'র জন্য কাজ করেছেন। পাঁচদিন আগে গত সোমবার ইরানের বিপ্লবী আদালতে তার বিচার শুরু হয়। গত সপ্তাহে রোকসানার বিরুদ্ধে অভিযোগকে "ভিত্তিহীন এবং বানোয়াট" অভিহিত করে তার মুক্তি দাবি করে যুক্তরাষ্ট্র। প্রায় তিন দশকের বৈরী সম্পর্ক কাটিয়ে যুক্তরাষ্ট্র-ইরান যখন সম্পর্কোন্নয়নের প্রচেষ্টা চালাচ্ছে তখন এই কারাদণ্ডের ঘটনা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোকসানার আইনজীবী আবদুল সামাদ খোররামশানি বলেছেন, "তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ... আমি আপিল করব।" ৩১ বছর বয়সী রোকসানা যুক্তরাষ্ট্র এবং ইরান দুই দেশেরই নাগরিকত্বের দাবিদার। কিন্তু তেহরান দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী রোকসানার সাংবাদিক পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় গত জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। ইরানের দণ্ডবিধি অনুযায়ী গুপ্তচরগিরির শাস্তি মৃত্যুদণ্ড। গত বছর ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইরানি ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইসলামিক দেশটিতে। রোকসানার মুক্তির পক্ষে প্রচার চালানোর জন্য চালু করা ওয়েবসাইট ভৎববৎড়ীধহধ.হবঃ এ দেওয়া তথ্যানুযায়ী, ইরানি বাবা ও জাপানি মায়ের সন্তান রোকসানা বেড়ে ওঠেন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার ফার্গো শহরে। সাংবাদিকতা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তিনি মাস্টার্স ডিগ্রি নেন। ১৯৯৭ সালে তিনি মিস নর্থ ডাকোটা নির্বাচিত হন। পরের বছর মিস আমেরিকা প্রতিযোগিতায় তিনি প্রথম ১০ জনের মধ্যে জায়গা করে নেন। ওয়েবসাইটটি জানায়, রোকসানার বাবা-মা গত ৬ এপ্রিল তেহরানের এভিন কারাগারে তার সঙ্গে দেখা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৯৫১ ঘ.