কোহাত, পাকিস্তান, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে শনিবার কোহাত শহরের কাছে একটি সামরিক গাড়িবহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় সেনা ও পুলিশসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাত শহরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ফরিদ খান বলেন, "হামলাকারী একটি পিকআপ ট্রাক নিয়ে সামরিক গাড়িবহরে হামলা চালায়। বহরটি এ সময় একটি তল্লাশিচৌকি অতিক্রম করছিল।"
তিনি বলেন, "এই মুহূর্তে আমি বলতে পারি, হামলায় সেনা ও পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এছাড়া আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।"
রাজধানী ইসলামাবাদ থেকে ১৯০ কিলোমিটার পশ্চিমে কোহাত শহরের কাছে এই হামলায় সামরিক বহরের প্রায় আটটি গাড়ি বিধ্বস্ত হয়েছে বলে তিনি জানান।
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শুক্রবার জাপানের টোকিওতে দাতাদের জানিয়েছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই তিনি জোরদার করবেন। তিনি বলেছেন, এই লড়াইয়ে পাকিস্তানের পরাজয় মানে বিশ্বের পরাজয়।
যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপ, সৌদি আরব ও ইরানসহ দাতারা আগামী দুই বছরে পাকিস্তানকে ৫০০ কোটি ডলারের বেশি সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৪৫ ঘ.
bdnews24