২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল বিদ্রোহীদের 'রাজধানী' কিলিনোচ্ছিতে গেলেন রাজাপাকশে

শ্রীলংকায় তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনী শেষ যুদ্ধ শুরু করার আগে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে বৃহস্পতিবার বিদ্রোহীদের ঘোষিত রাজধানী কিলিনোচ্ছি সফর করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 04:52 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

কলম্বো, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনী শেষ যুদ্ধ শুরু করার আগে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে বৃহস্পতিবার বিদ্রোহীদের ঘোষিত রাজধানী কিলিনোচ্ছি সফর করেছেন। গত ৩০ বছরের মধ্যে কোনো রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম কিলিনোচ্ছি যাওয়া। গত ৪ জানুয়ারি তামিল বিদ্রোহীদের হটিয়ে সেনাবাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেয়। দেশের উত্তর-পূর্ব উপকূলবর্তী এলাকায় ১৭ বর্গকিলোমিটারের একটি সংকীর্ণ জায়গার মধ্যে বিদ্রোহীদের অবরুদ্ধ করে রেখেছে বলে দাবি করেছে সেনাবাহিনী। সেখানে নিজেদের রক্ষায় মানবঢাল হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে বেসামরিক লোকজনকে জোর করে আটকে রেখেছে বিদ্রোহীরা। নববর্ষ উপলক্ষে দুই দিনের সরকারি ছুটির সময় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট রাজাপাকশে। বুধবার যুদ্ধবিরতির সময় শেষ হয়েছে। এখন চূড়ান্ত অভিযান শুরু করবে সেনাবাহিনী। উত্তরাঞ্চলীয় কিলিনোচ্ছি শহর সফরে যান রাজাপাকশে। সেখানে লিবারেশন টাইগারস অব তামিল ইলম বা এলটিটিই'র ব্যবহৃত পিস সেক্রেটারিয়েটে সেনা কর্মান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সফররত কূটনীতিকদের এই ভবনে থাকতে দিত বিদ্রোহীরা। সেনাবাহিনীর মুখপাত্র উদয় নানায়কারা বলেন, "প্রেসিডেন্ট সেনাদের সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরে এসেছেন।" স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৩ সালে বিচ্ছিন্নতাবাদী অভিযান শুরুর পর কিলিনোচ্ছিকে নিজেদের রাজধানী হিসেবে গড়ে তুলেছিল এলটিটিই। চার মাসের প্রচণ্ড যুদ্ধের পর গত ৪ জানুয়ারি সেনাবাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেয়। নানায়কারা জানান, এক সময়ে তামিলদের নিয়ন্ত্রণে ছিল এমন এলাকায় গত ৩০ বছরের মধ্যে কোনো রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২০৪ ঘ.