টোকিও, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ অস্ত্র পরিদর্শকরা বৃহস্পতিবার উত্তর কোরিয়া ত্যাগের নির্দেশের মুখে পিয়ংইয়ং ছেড়েছে। জাপানের কিয়োদো সংবাদ সংস্থা একথা জানিয়েছে।
উত্তর কোরিয়া মঙ্গলবার জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা বন্ধ করে তাদেরকে দেশ ছাড়ার নির্দেশ দেয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 'আইএইএ' একথা জানায়।
আইএইএ জানায়, পিয়ংইয়ং জাতিসংঘ পরিদর্শকদেরকে ইয়ংবিয়ন পরমাণু চুল্লি থেকে সিলগালা এবং যন্ত্রপাতি সরিয়ে নিতে বলেছে। এই স্থাপনার কাজ পুনরায় শুরু করার কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ৫ এপ্রিল উত্তর কোরিয়ার রকেট হামলার নিন্দা জানিয়ে পিয়ংইয়ং এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানানোর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় দেশটি ছয়-জাতি নিরস্ত্রীকরণ আলোচনা বয়কট করে পরমাণু স্থাপনা আবারও চালুর ওই ঘোষণা দেয় এবং এরপরপরই জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের দেশ ছাড়তে বলে।
উত্তর কোরিয়ার দাবি, তারা কক্ষপথে উপগ্রহ পাঠিয়েছে। কিন্তু পশ্চিমাদের ধারণা, উত্তর কোরিয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়া ইয়ংবিয়ন স্থাপনা পরিদর্শনকারী মার্কিন বিশেষজ্ঞদেরও দেশ ছাড়তে বলেছে।বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া তিন মাসেরও কম সময়ের মধ্যে ওই স্থাপনার কাজ শুরু করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৩৪ ঘ.
bdnews24