২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নির্বাচনে পুরোভাগের খেলোয়াড়রা

ভারতের নির্বাচনের পরে কে হচ্ছেন প্রধানমন্ত্রী আর কে উঠে আসতে পারেন কিং মেকারের ভূমিকায় সে নিয়ে ব্যাখ্যাবিশ্লেষণ আর জল্পনাকল্পনা সর্বত্র। আলোচনায় থাকা নেতাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছেন ফারুক হোসেন বাদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 11:19 AM

নয়াদিল্লি, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- ভারতের নির্বাচনের পরে কে হচ্ছেন প্রধানমন্ত্রী আর কে উঠে আসতে পারেন কিং মেকারের ভূমিকায় সে নিয়ে ব্যাখ্যাবিশ্লেষণ আর জল্পনাকল্পনা সর্বত্র। আলোচনায় থাকা নেতাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছেন ফারুক হোসেন বাদল। মনমোহন সিং ২০০৪ সালের নির্বাচনে কংগ্রেসের বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী পদে আছেন। ৭৮ বছর বয়সী মনমোহনের স্বাস্থ্যের অবস্থা ভালো যাচ্ছে না। হৃদপিণ্ডে তৃতীয়দফা অস্ত্রোপচারের পর এ বছর তিনি কয়েক সপ্তাহ কাজ থেকে ছুটি নিতে বাধ্য হন। এ সত্ত্বেও কংগ্রেস পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতিই সমর্থন ব্যক্ত করে আসছে। ১৯৯০ দশকে ভারতের অর্থনীতির ব্যাপক সংস্কার সাধনের মূল স্থপতি হিসেবে রাজনৈতিক অঙ্গনে খ্যাতি ছড়িয়ে পড়ে নম্রস্বভাবের সাবেক শিক্ষাবিদ ও আমলা মনমোহনের। তবে তার নরম ও সহানুভুতিশীল নেতৃত্বকে সমালোচনাও করেন অনেকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঐতিহাসিক পরমাণু চুক্তি সম্পাদনে তিনি অনড় থেকেছেন। বিনিময়ে হারিয়েছেন গুরুত্বপূর্ণ মিত্র কমিউনিস্টদের। মনমোহন কখনোই ভোটারদের সরাসরি অংশগ্রহণে নির্বাচনে জেতেননি। তবে ভারতের অন্যতম সৎ রাজনীতিক হিসেবে সারাদেশে তার প্রতি ব্যাপক সমর্থক রয়েছে। এল কে আদভানি কট্টর। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৮১ বছর বয়সী এই নেতা ১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙায় উন্মত্ত হিন্দুদের নেতৃত্ব দেন। তারপর থেকে অবশ্য কট্টর-পন্থার ভাবমূর্তি কমানোর জন্য সচেষ্ট থেকেছেন। তরুণ ভোটারদের কাছে পৌঁছার চেষ্টা করেছেন এবং একটি ব্লগও চালু করেছেন। তবে বিজেপির হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির ধারাটি ধরে রেখেছেন তিনি। ২০০৫ সালে তিনি পাকিস্তান সফর করায় ক্ষুব্ধ হন তার সমর্থকরা। তবে বিজেপির শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আাবির্ভূত হওয়ার কৃতিত্বও অনেকখানি তার। ২০০৪ সাল পর্যন্ত অটলবিহারি বাজপেয়ীর সরকারে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে দক্ষ ও নির্দয় প্রশাসক হিসেবে পরিচয় গড়ে ওঠে। সোনিয়া গান্ধী ইতালিতে জন্মগ্রহণকারী সোনিয়া কংগ্রেস দলের সভাপতি। সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিধবা স্ত্রী সোনিয়া ভারতের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক পরিবার নেহরু-বংশেরও হাল ধরে আছেন। ১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পরও তিনি দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। ১৯৯৮ সালে দলের নেতৃত্বভার তুলে নেন। পরের বছর তিনি লোকসভার আসনে নির্বাচিত হন। ২০০৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেসের বিজয়ের পর প্রধানমন্ত্রীর পদ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বিস্ময়ের সৃষ্টি করেন। মনমোহন সিং প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও তিনিই রয়ে যান পর্দার পেছনের নেতা। দলে তার নেতৃত্ব নিয়ে কোনো সংশয় নেই। তবে কংগ্রেসের নেতৃত্বে জোটের মধ্যকার সংকট সমাধানে তার সক্ষমতা ও রাজনৈতিক দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সমালোচকেরা। বিদেশি বংশোদ্ভুত হওয়ায় তাকে অযোগ্য ঘোষণা করতে কম চেষ্টা করেনি বিরোধীরা। তবে তাদের সেই চেষ্টা তিনি ব্যর্থ করে দিয়েছেন। রাহুল গান্ধী রাজীব-সোনিয়ার ছেলে রাহুল কংগ্রেসের সাধারণ সম্পাদক। কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের প্রধান মনমোহন সিংয়ের কাছ থেকে তিনি দলীয় প্রধানের ক্ষমতা বুঝে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে মনে করা হয়। পারিবারিক আসন আমেথি থেকে ২০০৪ সালে তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। প্রথম দিকে দলের নেতৃত্বে আসতে না চাইলেও রাহুল ধীরে ধীরে দলের জন্য গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হচ্ছেন। নতুন প্রজন্মের ভোটারদের দলে ভেড়াতে কংগ্রেস তার ওপরেই নির্ভর করছে বেশি। বিশ্লেষকরা বলছেন, সুদর্শন ও প্রাণবন্ত রাহুল রাজনীতিতে বেশ ভাল জ্ঞান রাখেন। তবে ভারতীয় রাজনীতির কঠিন ময়দানে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি। নরেন্দ্র মোদি বিজেপির অন্যতম নেতা। ২০০১ সাল থেকে এখন পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী। বিজেপি সমর্থকদের মধ্যে তার প্রভাব বেশ প্রবল। ২০০২ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় নিস্ক্রিয় ভূমিকা পালনের জন্য প্রচণ্ড সমালোচিত হন তিনি। ওই দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। দাঙ্গার পরপর পদত্যাগ করলেও কট্টর হিন্দুত্ববাদী প্রচারণার আশ্রয় নিয়ে একই বছর উপ-নির্বাচনে বিজয়ী হয়ে আবার ক্ষমতায় আসেন তিনি। নরেন্দ্র মোদিকে ব্যবসা-সহায়ক হিসেবে বিবেচনা করনে ভারতীয় ব্যবসায়ীরা। গুজরাটে উন্নয়নের জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়। গুজরাটি এবং হিন্দি ভাষায় তিনি একজন জনপ্রিয় লেখক ও কবি। জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে মানুষকে বশ করতেও বেশ পারঙ্গম। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা এরএসএস'র ঊর্ধ্বতন নেতাদের মধ্যেও মোদি বেশ জনপ্রিয়। বিজেপির আদর্শগত নীতি নির্ধারণ করে আরএসএস। ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। মায়াবতী নিম্ন-বর্ণের দলিতদের নেত্রী মায়াবতী। উত্তর প্রদেশে বিজেপির সঙ্গে জোট বেধে ২০০৭ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি হন ভারতে প্রথম দলিত মুখ্যমন্ত্রী। এবারের নির্বাচনে তিনি বামপন্থিদের নিয়ে গঠিত তৃতীয় মোর্চার নেতৃত্ব দিচ্ছেন। জনপ্রিয়তার ভিত আরও স