তেহরান, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার জানিয়েছেন, পরমাণু সমস্যা সমাধানে বিশ্বশক্তির জন্য নতুন প্যাকেজ তৈরি করেছে তার দেশ।
দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশে এক ভাষণে আহমাদিনেজাদ বলেন, "আমরা নতুন প্যাকেজ তৈরি করেছি, যার ভিত্তিতে পরমাণু সমস্যার সমাধান হতে পারে। পশ্চিমা বিশ্বকে খুব শিগগির এই প্যাকেজ প্রস্তাব দেওয়া হবে।"
তবে নতুন প্যাকেজের বিস্তারিত না জানিয়ে আহমাদিনেজাদ বলেছেন, গায়ের জোরে বিশ্ব চলতে পারে না।
তিনি বলেন, "নতুন এই প্যাকেজ বিশ্বশান্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করবে। সব রাষ্ট্রের অধিকারের প্রতি এতে সম্মান দেখানো হয়েছে।"
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন গত সপ্তাহে জানিয়েছে, কূটনৈতিক উপায়ে পরমাণু সমস্যা সমাধানে ইরানকে আলোচনার আমন্ত্রণ জানানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানাকে নির্দেশ দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। এই অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানকে একঘরে করে ফেলার চেষ্টা করেছিলেন। তবে নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা বুশের এই নীতি থেকে সরে এসে ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী।
ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৪৫ ঘ.
bdnews24