কলোম্বো, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলংকায় দুইদিনের নববর্ষের ছুটিতে যুদ্ধবিরতির মধ্যেও বেসামরিক নাগরিক এলাকায় গোলাগুলির পাল্টাপাল্টি অভিযোগ করেছে সেনাবাহিনী ও তামিল টাইগাররা।
সোম ও মঙ্গলবারের ছুটিতে তামিল টাইগারদের ওপর সেনাবাহিনীকে অভিযান না চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ ঘোষিত এলাকা (নো ফায়ার জোন) থেকে আটকে পড়া লোকজনদের বের হয়ে আসার সুযোগ দিতে লড়াইয়ে এই সাময়িক বিরতি দিয়েছেন তিনি।
এক বিবৃতিতে রাজাপাকসে বলেন, "সিংহলী ও তামিল নববর্ষের সময়টিতে জনগণকে নো ফায়ার জোন থেকে অবাধে চলাফেরার সুযোগ দেওয়া উচিত।"
কিন্তু এই বিরতির মধ্যেও 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই) বেসামরিক লোকজনদের ওপর সেনাদের বোমা ও গোলা হামলার অভিযোগ করেছে। পাল্টা অভিযোগে শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতির সময়েও এলটিটিই গেরিলারা দিনভর মেশিনগানের গুলি চালিয়েছে। স্নিপার রাইফেলের গুলিতে এক সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে মন্ত্রণালয়।
জাতিসংঘ এবং মানবাধিকার বিভিন্ন গ্র"প অবশ্য বেসামরিক নাগরিক এলাকায় গোলাবর্ষণের জন্য শ্রীলংকা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। তবে সরকার বলেছে, যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে টাইগাররা এই অপপ্রচার চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২০ ঘ.
bdnews24