২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বশক্তিগুলোর সঙ্গে পরমাণু আলোচনার পথ খোলা: ইরান

ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান হ্যাভিয়ার সোলানাকে বলেছেন, ছয় বিশ্বশক্তির সঙ্গে 'গঠনমূলক সহযোগিতা' আলোচনাকে ইরান স্বাগত জানাবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 10:46 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

তেহরান, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান হ্যাভিয়ার সোলানাকে বলেছেন, ছয় বিশ্বশক্তির সঙ্গে 'গঠনমূলক সহযোগিতা' আলোচনাকে ইরান স্বাগত জানাবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার একথা জানিয়েছে। টেলিভিশনে বলা হয়েছে, সাঈদ জলিলি টেলিফোনে সোলানার সঙ্গে কথা বলেছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন বলেছে, বিরোধপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তারা ইরানকে আমন্ত্রণ জানাবে। এটি বুশ প্রশাসনের তুলনায় বর্তমান ওবামা প্রশাসনের আওতায় মার্কিন নীতির বড় ধরনের পরিবর্তন। তবে ইরান এখন পর্যন্ত তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করেনি। পশ্চিমাদের ধারণা, বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। ফোনে জলিলির সঙ্গে আলাপকালে সোলানা সহযোগিতার নতুন অধ্যায় শুরু করতে দুপক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ইরানের টেলিভিশন প্রতিবেদনে একথা বলা হয়েছে। তবে এ আলোচনা কখন হবে সে ব্যাপারে প্রতিবেদনে কিছু বলা হয়নি। এতে বলা হয়, জলিলি ইরান এবং ছয় দেশের মধ্যে গঠনমূলক সহযোগিতা আলোচনাকে স্বাগত জানিয়েছেন এবং আন্তর্জাতিক বাস্তবতা ও ঘটনাবলী সম্পর্কে নির্ভুল বোঝাপড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তাছাড়া, ছয় বিশ্বশক্তির বিবৃতির প্রতিক্রিয়ায় ইরান একটি আনুষ্ঠানিক বিবৃতি ইস্যু করবে বলেও জানিয়েছেন জলিলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৭ ঘ.