তেহরান, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রাখলেও পরমাণু কর্মসূচি বন্ধের দাবি আবারও নাকচ করেছেন। জার্মানির 'দার স্পিগেল' নিউজ ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে আহমাদিনেজাদ এই দাবি নাকচের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নীতি আমূল পরিবর্তনের আহ্বান জানান।
ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে বলে পশ্চিমাদের ধারণা।
দার স্পিগেল ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে আহমাদিনেজাদ ইরানের সর্বচ্চো নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্যান্য কর্মকর্তাদের মন্তব্যের প্রতিধ্বনি করে যুক্তরাষ্ট্রের নীতির মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, "যুক্তরাষ্ট্রের আচরণ পরিবর্তন হলে আমরা গুরুত্বপূর্ণ আগ্রগতি হওয়ার আশা করতে পারি।"
যুক্তরাষ্ট্রের নতুন ওবামা প্রশাসন ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক শুরুর প্রস্তাব দিয়ে পূর্ববর্তী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দৃষ্টিকোণ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে।
তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা পরিহারের পুরোনো মার্কিন নীতি ভেঙে ওয়াশিংটন গত সপ্তাহে বলেছে, তারা এখন থেকে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় বসবে।
তবে যুক্তরাষ্ট্র ও অন্যান্য ৫ বিশ্ব শক্তি ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার আমন্ত্রণ জানানোর কথা বলার প্রায় এক সপ্তাহ আগে আহমাদিনেজাদ দার স্পিগেলে ওই সাক্ষাৎকার দিয়েছেন বলে জানিয়েছে ম্যাগাজিনটি।
আহমাদিনেজাদের এক সহযোগী বলেছেন, ইরান ওই আলোচনা প্রস্তাব পর্যালোচনা করে দেখবে।
ওয়াশিংটনের আলোচনা প্রস্তাবে ইরান সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা সত্যিকার অর্থেই মার্কিন নীতিতে পরিবর্তন দেখতে চায় বলে জানিয়েছেন।
সাক্ষাৎকারে আহমাদিনেজাদ বলেন, "আমরা শ্রদ্ধার ভিত্তিতে আলোচনা সমর্থন করি। সবসময় এটাই আমাদের অবস্থান। আমরা ওবামার পরিকল্পনা ঘোষণার অপেক্ষায় আছি। যাতে আমরা তা বিচার-বিশ্লেষণ করে দেখতে পারি।"
তিনি আরও বলেন, "ওবামার প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। তবে একই সঙ্গে আমরা বাস্তববাদী। আমরা চাই প্রকৃত পরিবর্তন। ওবামাকে এখন কথার সঙ্গে কাজের প্রতিফলন দেখাতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৬ ঘ.
bdnews24