ওয়াশিংটন, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ বিশ্বের বিভিন্ন স্থানে তাদের গোপন বন্দিশিবিরগুলো বন্ধ করে দিচ্ছে। সিআইএ'র পরিচালক লেওন পানেত্তা বৃহস্পতিবার একথা বলেছেন। এ সমস্ত বন্দিশিবিরে পানিতে চুবিয়ে জিজ্ঞাসবাদের মতো কঠোর পদ্ধতিতে বন্দিদেরকে জেরা এবং নির্যাতন করা হয়ে আসছিল।
প্রেসিডেন্ট বারাক ওবামা জানুয়ারিতে কঠোর জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিষিদ্ধ করা এবং গোপন বন্দিশিবিরগুলো বন্ধের আদেশ দেওয়ার পর পানেত্তা সিআইএ স্টাফদের কাছে লেখা এক চিঠিতে ওই কালো শিবিরগুলো বন্ধের সিদ্ধান্তের কথা জানান।
তিনি লেখেন, সিআইএ আর ওই সমস্ত বন্দিশিবির বা 'ব্ল্যাক সাইটস' চালাচ্ছে না এবং বন্দিদেরকে বিতর্কিত কঠোর পদ্ধতিতে জিজ্ঞাসাবাদের পদক্ষেপও নেওয়া হচ্ছে না। শিবিরগুলো বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রয়টার্স এই চিঠির একটি কপি পেয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে সিআইএ'র এই গোপন বন্দিশিবিরগুলোতে সন্ত্রাস বিরোধী যুদ্ধে আটকদের বন্দি করে রাখা হত। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পূর্ব ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে বুশ প্রসাশনের আমলে এই বন্দিশিবিরগুলো চালু ছিল।
কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথম সপ্তাহেই বিতর্কিত গুয়ান্তানামো বে বন্দিশিবির বন্ধের নির্দেশ দেওয়ার পাশপাশি এই গোপন শিবিরগুলোও বন্ধের নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২০ঘ.
bdnews24