লন্ডন, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিব্বত সমস্যা সমাধানে আলোচনার অচলাবস্থা নিরসনে চীনকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে, তা না হলে দালাই লামার প্রতিনিধিরা ধরে নেবে চীন সমস্যা সমাধানে আগ্রহী নয়। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার এক প্রতিনিধি বৃহস্পতিবার একথা বলেছেন।
দালাই লামার প্রতিনিধিরা তিব্বতে 'বৃহত্তর স্বায়ত্তশাসন' দাবি করায় গত নভেম্বরে বেইজিংয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে তাদের সর্বশেষ আলোচনা ব্যর্থ হয়। চীন তাদের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানায়।
চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও গত মাসে জানিয়েছেন, দালাই লামা তার দাবি ত্যাগ না করা পর্যন্ত চীন আলোচনা চালিয়ে যেতে রাজি আছে। দালাই লামার বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিকে চীন বিচ্ছিন্নতাবাদ বলেই অভিহিত করে থাকে।
ইউরোপে দালাই লামার প্রতিনিধি কেলসাং গেইল্টসেন জানিয়েছেন, বেইজিংয়ে সর্বশেষ আলোচনার সময় দালাই লামার প্রতিনিধিরা তাদের প্রস্তাব বেইজিংকে দিয়েছে।
লন্ডন সফরকালে তিনি সাংবাদিকদের বলেন, "এখন তারা (চীন) যদি সামনে অগ্রসর হতে চাইলে তারা তাদের প্রস্তাবও দিতে পারে। তা না হলে ধরে নেওয়া হবে আলোচনার মাধ্যমে তিব্বত সমস্যার একটি গ্রহণযোগ্য সমাধানে চীন সরকার আগ্রহী নয়।"
তবে দালাই লামার প্রতিনিধিরা এখনো তেমনা মনে করছে না বলে তিনি জানান।
তিব্বত প্রশ্নে একটি পরিষ্কার ও জোরালো অবস্থান গ্রহণের জন্য তিনি ইউরোপীয় সরকারগুলোর প্রতি আহ্বান জানান।
তিব্বতের স্বেচ্ছা প্রবাসী আধ্যাত্মিক নেতা দালাই লামা গত মাসে জানিয়েছেন, চীনা শাসনে তিব্বত পৃথিবীর বুকে একটি নরকে পরিণত হয়েছে। ৫০ বছর ধরে ভারতের ধর্মশালায় বসবাস করছেন দালাই লামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২২০১ ঘ.
bdnews24