২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইগারদের আত্মসমর্পণ করতে শেষ আহ্বান সেনাবাহিনীর

সংকীর্ণ এলাকার মধ্যে ঘিরে ফেলা তামিল টাইগারদের আত্মসমর্পণ করার জন্য বুধবার শেষবারের মতো আহবান জানিয়েছে শ্রীলংকার সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

কলম্বো, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংকীর্ণ এলাকার মধ্যে ঘিরে ফেলা তামিল টাইগারদের আত্মসমর্পণ করার জন্য বুধবার শেষবারের মতো আহবান জানিয়েছে শ্রীলংকার সেনাবাহিনী। সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়কারা বলেন, "তাদের আমরা বাস্তব অবস্থা জানিয়েছি। আমরা বলেছি, এলটিটিইকে অবশ্যই সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে হবে। আত্মসমর্পণের জন্য আমরা তাদের প্রতি আহ্বান জানিয়েছি। এটাই তাদের শেষ সুযোগ।" তবে আত্মসমর্পণের সময়সীমা কখন শেষ হয়ে যাবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। সেনাবাহিনী জানিয়েছে, দেশের উত্তর-পূর্ব উপকূলে ২০ বর্গকিলোমিটারেরও কম জায়গার মধ্যে অবরুদ্ধ করে ফেলা হয়েছে টাইগারদের। বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদঘোষিত একটি এলাকার (নো ফায়ার জোন) মধ্যে এখন তারা বেসামরিকদের সঙ্গে মিশে আছে। ত্রিভূজ আকৃতির একটি ছোট অঞ্চলের মধ্যে আটকে ফেলা বিদ্রোহিদের সঙ্গে তিনদিন সেনাবাহিনীর যুদ্ধে কমপক্ষে ৫০০ তামিল টাইগার নিহত হয়েছে বলে সেনাবাহিনী দাবি করেছে। ২৫ বছরের বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ এখানেই শিগগিরি শেষ হতে চলেছে বলে তারা জানিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' বা এলটিটিই মানব ঢাল হিসেবে ব্যবহারের জন্য ওই এলাকায় ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিককে আটকে রেখেছে। বিদ্রোহিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযানের আগে এদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে এসব বিষয়ে টাইগারদের বক্তব্য জানা যায়নি। হতাহতের বিষয়ে সেনাবাহিনীর দেওয়া তথ্য যাচাই করাও সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১৪৫ ঘ.