আরশাদ মাহমুদ
ওয়াশিংটন, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেসিডেন্ট বারাক ওবামার মুসলিম প্রধান তুরস্ক সফরের প্রেক্ষাপটে এক জনমত জরিপে জানা গেছে ৮১ শতাংশ মার্কিন নাগরিকই মুসলিম দেশগুলোর সঙ্গে ওবামার সংশ্লিষ্টতা বাড়ানোর উদ্যোগ সমর্থন করে। তবে অনেকেই ইসলাম ধর্মের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে।
বিশেষ করে ইউরোপের তুলনায় যুক্তরাষ্ট্রে ইসলাম সম্পর্কে ধারণা প্রথাগতভাবেই কম। সন্দেহভাজন ইসলামী জঙ্গিদের হাতে টুইন টাওয়ার ধ্বংস আর ক্রমবর্ধমান সন্ত্রাসবাদের প্রেক্ষাপটে ইসলাম নিয়ে সেদেশের সমাজে নতুন করে সন্দেহ আর অবিশ্বাস বিরাজ করছে যা দূর করতে উদ্যোগী হয়েছে ওবামা প্রশাসন।
প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার মাত্র এক মাস পরেই 'শিকাগো ট্রিবিউন'এ এক সাক্ষাৎকারে ওবামা বলেন, "সারা বিশ্বে, বিশেষ করে মুসলিম বিশ্বে আমেরিকার ভাবমূর্তি নতুনভাবে তুলে ধরার জন্য এটি একটি অনন্য সুযোগ।"
যদিও ওবামার তুরস্ক সফরের উদ্দেশ্য এটি ছিল না, তবে দেশটি প্রেসিডেন্ট হওয়ার পরে তার সফর করা প্রথম কয়েকটি দেশের অন্যতম। এর আগে গত ফেব্র"য়ারি মাসে ওবামা কানাডা এবং গত সপ্তাহে ইউরোপের কিছু দেশ সফর করেন।
প্রশাসনের কর্মকর্তারা স্পষ্টতই মুসলিম দেশগুলোর সঙ্গে ওবামার সংশ্লিষ্টতার প্রতি এত বড় জনসমর্থনের খবরে বেশ উজ্জীবিত। তবে একইসঙ্গে এখনো ইসলাম ধর্ম নিয়ে আমেরিকানদের সন্দেহ দেখে কিছুটা অস্বস্তিও রয়েছে তাদের মধ্যে।
জরিপে দেখা যায়, প্রায় ৪৮ শতাংশ মার্কিনী ইসলাম ধর্ম সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। ২০০১ (টুইন টাওয়ার ঘটনার বছর) সালের পর থেকে এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের জরিপে এটি সর্বোচ্চ নেতিবাচক রেটিং।
২৯ শতাংশ মতদাতা বিশ্বাস করেন মূলধারার ইসলাম ধর্মও অমুসলিমদের প্রতি সহিংসতাকে উৎসাহিত করে। এই হার সর্বোচ্চ থেকে কিছুটা কম হলেও ২০০২ সালের শুরুতে যা ছিল তার দ্বিগুণ।
দৃশ্যত এই দৃষ্টিভঙ্গির একটি বড় কারণ ইসলাম ধর্ম ব্যাপারে আমেরিকানদের অনভ্যস্ততা। জরিপের ৫৫ শতাংশ উত্তরদাতাই স্বীকার করেছে যে ইসলাম ধর্ম সম্পর্কে তাদের মৌলিক ধারণার অভাব রয়েছে। প্রায় ৫৩ শতাংশ বলেছে ব্যক্তিগতভাবে কোন মুসলিমকে তারা চেনে না। দেখা গেছে,
যারা ইসলাম ধর্মের ব্যাপারে কিছু ধারণা রাখে বা ব্যক্তিগতভাবে কোন মুসলিমকে চেনে, তাদের এই ধর্ম সম্পর্কে ধারণা অনেক বেশি ইতিবাচক।
তবে নেতিবাচক ধারণার পেছনে অনভ্যস্থতা ছাড়াও অন্যান্য কারণ রয়েছে। আর সেসব কারণেই ইসলাম সম্পর্কে ধারণা কিছুটা বাড়লেও ইতিবাচক ধারণার পরিমাণ সে তুলনায় খুব একটা বাড়েনি।
এখন ৪৫ শতাংশ আমেরিকান মনে করে তারা ইসলাম ধর্মের মৌলিক বিষয়গুলো জানে। এ হার এর আগের সর্বোচ্চ রেটিংয়ের তুলনায় ৫ পয়েন্ট বেশি এবং এর আগের (২০০২ সালে) সর্বনিম্ন রেটিংয়ের চেয়ে ২০ পয়েন্ট বেশি। আর এখন ৪৭ শতাংশ আমেরিকানের অন্তত একজন মুসলিমের সঙ্গে পরিচয় আছে। ২০০১ সালে এর পরিমাণ ছিল ৪১ শতাংশ।
জরিপের ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ওবামার যুদ্ধ-বিগ্রহ কমিয়ে আনার ব্যাপারে অবস্থানও যুক্তরাষ্ট্রের জনগণের মতামতে পরিবর্তন আনছে।
এখন ৪৩ শতাংশ আমেরিকান মনে করে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ভালো হচ্ছে। ২০০৩ সালে জর্জ ডব্লিউ বুশের আমলে মাত্র ১০ শতাংশ নাগরিক তা বলেছে। অন্যদিকে দেশের ভাবমূর্তি আরো খারাপ হচ্ছে বলে মনে করছেন মাত্র ১৪ শতাংশ আমেরিকান। বুশের আমলে ৬১ শতাংশ মার্কিনীরই ধারণা ছিল সেরকম।
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের ব্যাপারে, বিশেষ করে একে 'খুব জরুরি' অ্যাখ্যা দেওয়ার ব্যাপারে তীব্র আদর্শিক ও দলীয় মতপার্থক্য রয়েছে। উদারপন্থীদের ৬৯ শতাংশই এই বিষয়টিকে জরুরি মনে করেন। ডেমোক্র্যাটদের ৬১ শতাংশ এবং কোন নির্দিষ্ট ধর্মে বিশ্বাস করেন না এমন উত্তরদাতাদের ৫৮ শতাংশ একই মত দিয়েছেন।
অন্যদিকে রক্ষণশীলদের মাত্র ৩২, রিপাবলিকানদের ২৯ এবং শ্বেতাঙ্গ ইভানজেলিক্যাল খ্রিস্টানদের ৩৩ শতাংশ একে জরুরি ভাবেন।
পরের তিনটি গ্র"পের লোকেরাই মনে করেন যে ওবামা সম্পর্ক উন্নয়ন করতে গিয়ে 'প্রয়োজনের চেয়ে বেশি' এগিয়ে যাবেন। ইসলামের প্রতি বিরাগও তাদের প্রকাশ করতে দেখা যায় বেশি।
৬৫ শতাংশ শ্বেতাঙ্গ ইভানজেলিক্যালই ইসলামের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। অন্য মার্কিনীদের মধ্যে এ হার অনেক কম--৪৩ শতাংশ। ৪০ শতাংশ শ্বেতাঙ্গ ইভানজেলিক্যাল মনে করে মূলধারার ইসলাম সহিংসতাকে সমর্থন করে। অন্য মার্কিনীদের মধ্যে তা মনে করে মাত্র ২৬ শতাংশ।
অথচ ইভানজেলিক্যালদের জন্য একজন মুসলিমকে চেনার সুযোগ অন্যান্য আমেরিকানের মতোই। ইসলামের মূল বিষয় সম্পর্কে ধারণা থাকার দাবিও তারা করে অন্যদের চেয়ে ১০ পয়েন্ট বেশি।
অল্পশিক্ষিত প্রাপ্তবয়স্ক, দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর বাসিন্দা এবং প্রবীণ নাগরিকদের কাছে ইসলাম ধর্ম তাদের বিপরীত গ্র"পের (শিক্ষিত প্রাপ্তবয়স্ক, উত্তরের বাসিন্দা) তুলনায় কম জনপ্রিয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জেএফ/এসকে/১৫০৬ঘ.
bdnews24