ইস্তাম্বুল, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তুরস্ক সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত সন্দেহে সিরীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে গত সপ্তাহে গ্রেপ্তার করে তুর্কি পুলিশ। এ হত্যা ষড়যন্ত্রের বিষয়টিকে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছেন দেশটির দুই কর্মকর্তা। সিএনএন সোমবার একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)
প্রেসিডেন্ট ওবামা সোমবার তুরস্কের পার্লামেন্টে ভাষণ দেন। তুরস্ক সফরের সময় ওবামা কোনো ধরনের বিপদের সম্মুখীন হননি এবং কোথাও কোনো ধরনের হামলা চেষ্টার ঘটনাও ঘটেনি।
ওই কর্মকর্তারা সিএনএন-কে বলেছেন, আমেরিকান প্রেসিডেন্টরা সবসময়ই এ ধরনের হামলার লক্ষ্য হওয়ার ঝুঁকিতে থাকেন তবে প্রথম কৃষ্ণাঙ্গ বা আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্ট হওয়ায় ওবামার জন্য এ ধরনের হুমকি আরও বেশি।
ওদিকে, হত্যা ষড়যন্ত্রের সন্দেহে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির সঙ্গে আল জাজিরার সাংবাদিক পরিচয়পত্র থাকায় প্রাগ ও আঙ্কারা সফরে ওবামার সংবাদ সম্মেলনগুলোতে কড়া নজরদারি ও তল্লাশির ভেতর দিয়ে যেতে হয়েছে সব সংবাদকর্মীদের। তুরস্কের রাজধানী আঙ্কারায় সংবাদ মাধ্যমটির ব্যুরো প্রধান ইউসেফ আল-শরীফ বলেছেন, তারা এ বিষয়ে কিছু জানেন না এবং ওই ব্যক্তি হয়তো আলজাজিরার সাংবাদিক পরিচয়পত্র জাল করে থাকতে পারেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, তারা নিশ্চিত নন যে, ইস্তাম্বুলের স্থায়ী বাসিন্দা ওই ব্যক্তির সাংবাদিক পরিচয়পত্রটি সত্যিকারের কি না।
ওবামা হত্যা-ষড়যন্ত্র সম্পর্কে প্রথম প্রতিবেদন প্রকাশ করে সৌদি আরবের আল-বাতেন পত্রিকা। তারা জানায, গত শুক্রবার তুরস্কের নিরাপত্তা বাহিনী ওবামাকে হত্যার ষড়যন্ত্রকারী সন্দেহে সিরীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওবামা সেদিন ন্যাটো সম্মেলনের জন্য ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থান করছিলেন। জি-টোয়েন্টি ও ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে ইউরোপ সফরের শেষভাগে রোববার তুরস্কে পৌঁছান ওবামা।
আল-বাতেন পত্রিকাটি জানায় গ্রেপ্তারের পর ওই ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি এবং তার তিন কথিত সহযোগী ইস্তাম্বুলে "অ্যালয়ান্সে অফ সিভিলাইজেশন্স সামিট" এ অংশ নেওয়ার সময় ওবামাকে ছুরিকাঘাতের পরিকল্পনা করছিলেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তুরস্কের এ ঘটনাটি নিশ্চিত করলেও বলেছেন, ওই ব্যক্তির সরবরাহ করা তথ্যগুলো যাচাই করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬০১ ঘ.
bdnews24