মস্কো, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কিরগিজস্তানের মানাসে মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের অবশিষ্ট একমাত্র বিমান ঘাঁটিটি থেকে চীন ও রাশিয়ার ওপর গোয়েন্দাগিরির অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল 'রোসিয়া টিভি' রোববার প্রচারিত এক প্রামাণ্যচিত্রে এ অভিযোগ করে।
এর আগে শুক্রবার রোসিয়া টিভি ওই প্রামণ্যচিত্রের একটি ভিডিও ক্লিপ প্রচারের পর যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা এ অভিযোগকে অবান্তর বলে উড়িয়ে দেন। এ টেলিভিশন চ্যানেলটিকে রুশ সরকারের 'মাউথপিস' হিসেবে বিবেচনা করা হয়।
তবে, রুশদের এই অভিযোগ সম্পর্কে মন্তব্য করার জন্য গিরগিজস্তান কিংবা যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।
এ বছরের ফেব্র"য়ারিতে ওয়াশিংটনকে মানাস বিমান ঘাঁটি বন্ধ করে দিতে বলে বিশকেক। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এর কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে এবং আগস্টে তারা ঘাঁটিটি ছেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। আফগান যুদ্ধে মোতায়েন মার্কিন ও ন্যাটো সেনাদের জন্য নিয়মিত রসদ সরবরাহ এবং অন্যান্য ভূ-কৌশলগত কারণে মানাস ঘাঁটি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাশিয়ার কাছ থেকে ২ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সাহায়তা প্যাকেজের বিষয়ে নিশ্চয়তা পাওয়ার পরপরই যুক্তরাষ্ট্রকে ঘাঁটি বন্ধের কথা জানায় কিরগিজরা।
"বেইজ" নামের ওই প্রামাণ্যচিত্রটিতে মানাস ঘাঁটির জানালাহীন একটি দ্বিতল ভবন এর ভিডিও দেখিয়ে বলা হয়েছে, "এইরকম একটি ভবনে মাল্টি-চ্যানেল, মাল্টি-ফাংশনাল একটি রেডিও-ইলেক্ট্রনিক নজরদারি ব্যবস্থা রয়েছে।"
প্রামণ্যচিত্রে বলা হয়, "এই স্টেশন থেকে সারা বিশ্বে আড়িপাতা যায় -- প্রত্যেকটি ফ্যাক্স, প্রত্যেকটি ই-মেইল, মোবাইল বা ল্যান্ডফোন থেকে করা প্রত্যেকটি কল রেকর্ড করা হয় এবং যাচাইবাছাই করা হয়। শত শত কোটি মেসেজে নজরদারি করছে তারা।"
এতে বলা হয়, "মানাসে যুক্তরাষ্ট্র একটা স্টেশন বানিয়েছে যা পুরো মধ্য এশিয়া এবং চীন ও সাইবেরিয়ার কিছু অংশ নিয়ন্ত্রণ করে। মার্কিনিদের কাছে বিমান ঘাঁটির রানওয়ের চেয়ে ওই গোয়েন্দা কমপ্লেক্সটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিরগিজ কর্তৃপক্ষকে না জানিয়ে অন্যায়ভাবে এটা করা হয়েছে।"
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র এবং কিরগিজস্তানের মধ্যে মানাস ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরুর পরপরই এ প্রামাণ্যচিত্র প্রচার করল রুশ টেলিভিশন চ্যানেলটি।
প্রামাণ্যচিত্রটির নির্মাতা রুশ সাংবাদিক আর্কাদি মামোন্তভ। ২০০৬ সালে মামোন্তভের তৈরী একটি প্রামাণ্যচিত্রের জের ধরে লন্ডন ও মস্কোর মধ্যে বিরোধ চরমে ওঠে। ওই প্রামাণ্যচিত্রটিতে গোপনে ইলেক্ট্রনিক তথ্য সংগ্রহে এক বৃটিশ গোয়েন্দার কর্মকাণ্ড তুলে ধরার দাবি করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১০ ঘ.
bdnews24