২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অ্যানাপোলিস ঘোষণার বৈধতা নেই: ইসরায়েল

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের অ্যানাপোলিস ঘোষণার কোনো 'বৈধতা' নেই এবং তা মেনে আলোচনা শুরু করতে ইসরায়েল বাধ্য নয় বলে বুধবার মন্তব্য করেছেন ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 05:25 PM

Updated : 26 Aug 2022, 11:15 AM

জেরুজালেম, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের অ্যানাপোলিস ঘোষণার কোনো 'বৈধতা' নেই এবং তা মেনে আলোচনা শুরু করতে ইসরায়েল বাধ্য নয় বলে বুধবার মন্তব্য করেছেন ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যান। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কট্টর ডানপন্থি লিবারম্যানের এই মন্তব্যে একইসঙ্গে ওয়াশিংটনের সঙ্গে জেরুজালেমের নতুন প্রশাসনের সম্পর্কে টানাপোড়েন তৈরী করতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমতাগ্রহণের পর ইসরায়েলের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের যে আশঙ্কা করা হচ্ছিল তার দৃষ্টান্ত দিয়ে লিবারম্যান বলেন, ২০০৭ সালে যুক্তরাষ্ট্র আয়োজিত অ্যানাপোলিস সম্মেলনের ঘোষণার "কোনো বৈধতা নেই"। তবে, তিনি বলেছেন, ২০০৩ সালের যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তির "রোড ম্যাপ" ধরে এগিয়ে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে ইসরায়েলের। ওই রোডম্যাপে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো চূড়ান্ত পর্যায়ের যে কোনো আলোচনার আগে ইসরায়েলে হামলা কমানোর বাধ্যবাধকতা রয়েছে ফিলিস্তিনি নেতাদের। সাবেক সোভিয়েত অভিবাসী লিবারম্যানকে বর্ণবাদী বলে মনে করে অনেক আরব। তার এ মন্তব্যে এটা অনেকটাই নিশ্চিত হল যে, পূর্বসূরী এহুদ ওলমার্ট প্রশাসনের অবস্থান থেকে সরে আসছে নেতানিয়াহু সরকার। ওলমার্ট প্রশাসন 'রোডম্যাপ অঙ্গীকারগুলো' বাস্তবায়িত হচ্ছে কি না সে বিবচেনায় প্রথমেই সীমান্ত এবং দুই-রাষ্ট্র সমাধানে জেরুজালেমের 'মর্যাদা' কী হবে তেমন ইস্যুগুলো সমাধান করার পক্ষে ছিলেন। এ অবস্থায় আলাদা ফিলিস্তিন রাষ্ট্রের আলোচনা বহু দূরের বিষয়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশ্লেষক। অনেকে এমন আশঙ্কাও করছেন যে, গাজার দখল হামাসের হাতে থেকে গেলে পশ্চিমা সমর্থিত পশ্চিমতীরের ফিলিস্তিনি নেতারা খুব শিগগিরই ইসরায়েলের নিরাপত্তা শর্তগুলো পূরণে সক্ষম হবেন না। ওদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র বলেছেন, লিবারম্যানের মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্যও আহ্বান জানিয়েছেন ওই মুখপাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১২৫০ ঘ.