তেহরান, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনারা ইরাকে স্থায়ীভাবে থেকে যাওয়ার পরিকল্পনা করছে। একইসঙ্গে তা হতে না দেওয়ার জন্য ইরাকিদের প্রতি তিনি আহ্বান জানান তিনি।
ইরানের রাজধানী তেহরানে সফররত ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানিকে তিনি বলেন, "দখলদাররা ইরাকে দীর্ঘদিন এবং স্থায়ী অবস্থানের জন্য ক্ষেত্র প্রস্তুত করছে।" একইসঙ্গে তিনি বলেন, দেশটির নেতাদের এ বিষয়ে সতর্ক থাকা উচিৎ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা একথা জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায় খামেনি বলেছেন, "বিদেশিদের বিরোধিতা করার মাধ্যমেই ইরাকের স্বার্থ নিহিত... কেননা (বিদেশিরা) ইরাক-ইরানের ঘনিষ্ঠ সম্পর্কে সুখী নয়।"
খামেনি বলেন, "দখলদার বাহিনীর দ্রুত ইরাক ছাড়া উচিৎ, কারণ প্রতিটি দিন পার করার সঙ্গে সঙ্গেই প্রত্যাহারের সময়ও বিলম্বিত হচ্ছে।"
যত দ্রুত সম্ভব ইরাকসহ এ অঞ্চল থেকে সেনা সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে আসছে ইরান। ১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রত্যক্ষ কূটনৈতিক সম্পর্ক নেই ইরানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৩০ ঘ.
bdnews24