কাঠমান্ডু, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপাল সরকার মানবাধিকার রক্ষায় এবং মানবাধিকারের অপব্যবহারকারীদের শাস্তি দিতে ব্যর্থ হলে সদ্যপ্রতিষ্ঠিত শান্তি প্রক্রিয়া মুখ থুবড়ে পড়তে পারে। জাতিসংঘের মানবাধিকার প্যানেলের প্রধান নাভানেথাম পিল্লেই রোববার একথা বলেছেন।
নেপালে দশকব্যাপী গৃহযুদ্ধের অবসান হয়েছে মাত্র তিনবছর হল।
দশকব্যাপী ওই সংঘাতে গ্রেপ্তার, নির্যাতন হত্যা, গুমসহ মানবাধিকারের নানা ধরনের অপব্যবহারেরর জন্য নেপালের সেনাবাহিনী এবং মাওবাদী বিদ্রোহী দুপক্ষই দায়ী।
মাওবাদী বিদ্রোহিরা ২০০৬ সালে শান্তিচুক্তি সই করেছে। গত বছর তারা বিষ্ময়করভাবে নির্বাচনে জিতে নেপালের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তাদের নেতা প্রচন্ড এখন জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন।
নেপালে প্রায় ২৪০ বছরের রাজতন্ত্র অবসান হয়ে নেপাল প্রজাতন্ত্র হওয়ার পর মাওবাদীদের হাতে ক্ষমতা এটাই প্রথম।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার পিল্লাই বলেন, তিনি মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন এবং তাদের কথা শুনেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ওই পরিবারগুলো সত্য জানতে চায়, নতুন করে জীবন শুরু করার জন্য ক্ষতিপূরণ চায়, সর্বপোরি তারা ন্যায়বিচার চায়।
পিল্লাই বলেন, এই ন্যায়বিচারের দাবি পূরণ না হলে এবং অতীত কর্মকাণ্ডের জবাবদিহিতা, বিশেষ করে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধের বিষয়টি নিশ্চিত না করা গেলে শান্তি প্রক্রিয়া মুখ থুবড়ে পড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১১ ঘ.
bdnews24