২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান নীতিতে 'বেরোনোর কৌশল' নিতে চায় যুক্তরাষ্ট্র

খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের নতুন আফগান নীতি প্রকাশ করা হবে এবং এতে অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দেওয়ার পাশাপাশি যুদ্ধ শেষ করতে এ থেকে 'বেরোনোর কৌশল' অন্তর্র্ভূক্ত করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 10:32 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

কাবুল, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের নতুন আফগান নীতি প্রকাশ করা হবে এবং এতে অর্থনৈতিক উন্নয়নের ওপর জোর দেওয়ার পাশাপাশি যুদ্ধ শেষ করতে এ থেকে 'বেরোনোর কৌশল' অন্তর্র্ভূক্ত করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার একথা বলেছেন। সিবিএস টিভির 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, "আমরা এই ভেবে বসে থাকতে পারি না যে কেবলমাত্র সামরিক পন্থায় আমাদের সব সমস্যা দূর হবে।" তিনি বলেন, "এ কারণেই আমরা একটি বিশদ কৌশল প্রণয়ন করতে চাইছি। আর সেখানে অবশ্যই একটি বেরোনোর কৌশল থাকবে... এমন মনোভাব থাকা চাই যে, এটি চিরদিনের লড়াই নয়।" আফগানিস্তানে আগামী আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সহিংসতা বেড়ে যাচ্ছে এবং ক্রমবর্ধমান সহিংসতা মোকাবেলায় ওবামা ইতিমধ্যেই সেখানে আরও ১৭,০০০ যোদ্ধা সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। কিন্তু একইসঙ্গে সামরিক কমান্ডার এবং অন্যান্য বিশ্লেষকদের পাশাপশি এখন যুক্তরাষ্ট্রও বলছে যে, কেবলমাত্র সামরিক পন্থায় এ যুদ্ধ জয় করা সম্ভব হবে না। ন্যাটোর সামরিক অংশীদার এবং সংশ্লিষ্ট অন্যান্য শক্তিগুলোর সঙ্গে বৈঠকের পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নতুন নীতি কেমন হতে পারে তার একটি ইঙ্গিত পাওয়া গেল প্রেসিডেন্ট ওবামার এ সাক্ষাৎকারে। আশা করা হচ্ছে সাবেক বুশ প্রশাসনের পথে না হেঁটে আফগান প্রশ্নে প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানসহ, ইরান এবং চীনসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোর স্বার্থকেও আমলে নিয়ে নতুন একটি নীতির দিকে এগোবেন ওবামা। এ মাসের শেষ নাগাদ অনুষ্ঠিতব্য আফগানিস্তান সম্মেলনে অংশগ্রহণকারীদের আমন্ত্রণ তালিকায় ইরান ও চীনের নাম যোগ হওয়ায় তেমনটিই ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬২০ ঘ.