তেহরান, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত জাতিসংঘ সম্মেলনে যোগ দেবে বলে বৃহস্পতিবার জানিয়েছে ইরান। তবে আগামী মঙ্গলবার হেগ এ অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক বৈঠকে কাকে পাঠানো হবে সে সিদ্ধান্ত ইরান এখনও নেয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাসান কাসকাভি একথা জানিয়েছেন।
কাসকাভি বলেন, "ইরান বৈঠকে অংশ নেবে। তবে এ অংশগ্রহণ কোন পর্যায়ের হবে সে বিষয়টি এখনও পরিস্কার হয়নি।"
আফগানিস্তান বিষয়ক বৈঠকে ইরানের যোগদানকে যুক্তরাষ্ট্রের বারাক ওবামা প্রশাসন স্বাগত জানাবে বলেই মনে করা হচ্ছে। ওবামা ইতোমধ্যেই বিভিন্ন ইস্যুতে ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক শুরুর প্রস্তাব দিয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ মাসের শুরুতে ইরানকে আফগানিস্তান বিষয়ক সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
ডাচ পররাষ্ট্রমন্ত্রীও বুধবার বলেছেন, ইরানের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকির বরাত দিয়ে বলা হয়েছে, "আফগানিস্তান সঙ্কটের আঞ্চলিক সমাধান খুঁজে বের করা প্রয়োজন। ইরান বলেছে, ক্রমবর্ধমান তালেবান বিদ্রোহ মোকাবেলায় সংগ্রাম করে যাওয়া আফগানিস্তানকে সাহায্য করতে ইরান প্রস্তুত।"
মোত্তাকির ব্রাজিল সফরকালে ইরানের আধা-সরকারি ফার্স বাতা সংস্থা তার উদ্ধৃতি দিয়ে বলেছে, আফগানিস্তান সঙ্কটের একটি আঞ্চলিক সমাধান খুঁজে পাওয়া উচিত বলেই আমরা মনে করি।
তিনি বলেন, "এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং উত্তেজনা প্রশমনে সহায়তা করাই ইরানের লক্ষ্য। এ অঞ্চলের অগ্রগতির জন্য এটি প্রয়োজন।"
এর আগে মার্চের শুরুর দিকে মোত্তাকি বলেছিলেন, " যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ব্যর্থ হচ্ছে। ফলে এ সঙ্কট সামাল দিতে তাদের নতুন করে চিন্তা-ভাবনা করা প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৯ ঘ.
bdnews24