টোকিও, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সম্ভাবনার মুখে তা প্রতিরোধে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে জাপান। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে তা জাপানে পড়তে পারে বলে আশঙ্কা করছে টোকিও।
উত্তর কোরিয়া অবশ্য বলে আসছে, তারা ৪ থেকে ৮ এপ্রিলের মধ্যে যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করবে। কিন্তু আঞ্চলিক দেশগুলোর ধারণা, দূর-পাল্লার তায়েপডং-২ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করাই উত্তর কোরিয়ার আসল উদ্দেশ্য। উত্তর কোরিয়া ইতোমধ্যেই সেটি উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে মনে করা হচ্ছে।
জাপানের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা সাংবাদিকদের বলেন, "উত্তর কোরিয়া থেকে নিক্ষিপ্ত উড়ন্ত কোনও কিছু জাপানে পড়তে পারে আশঙ্কায় তা ধ্বংস করে দেওয়ার জন্য আমি সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি।"
উত্তর কোরিয়া বলেছে, তাদের রকেট ধ্বংসের যে কোনও প্রচেষ্টাই যুদ্ধের শামিল বলে গণ্য হবে।
ওদিকে, হামাদা আবারও উত্তর কোরিয়াকে রকেট উৎক্ষেপণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, "রকেট থেকে জাপানের জনগণকে রক্ষায় টোকিও যথাসম্ভব সবকিছু করবে।" তবে তিনি বলেন, রকেট জাপানে পড়ার সম্ভাবনার ক্ষেত্রেই কেবলমাত্র তা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৩ ঘ.
bdnews24