বেইজিং, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ৫ এপ্রিল থেকে আবার তিব্বতে যেতে পারবে বিদেশি পর্যটকরা। কারণ, এ সময়ের মধ্যে গোলযোগপূর্ণ তিব্বত পর্যটকদের জন্য নিরাপদ হয়ে উঠবে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া শীর্ষ এক পর্যটন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একথা বলেছে।
তিব্বত এবং অন্যান্য প্রদেশের জাতিগত এলাকাগুলোর এক মাসেরও বেশি সময় ধরে বিদেশিদের জন্য বন্ধ ছিল। অঞ্চলটির রাস্তা বন্ধ করে রেখেছিল সশস্ত্র পুলিশ। কিছু কিছু এলাকায় ইন্টারনেট এবং মোবাইল ফোন সার্ভিসও বন্ধ করে রাখা হয়েছিল।
তিব্বতের পর্যটন বিভাগের প্রধান বুচাং এর উদ্ধৃতি দিয়ে রোবববার সিনহুয়া বার্তা সংস্থা জানায়, তিব্বত ৫ এপ্রিল থেকে পুনরায় বিদেশি পর্যটকদের আসতে দিতে শুরু করবে।
তিনি বলেন, ভ্রমণকারীদের নিরাপত্তার খাতিরে মার্চে বিদেশি পর্যটকদের তিব্বতে আগমন বন্ধ করা হয়। কিন্তু এখন তিব্বত সুসংহত এবং নিরাপদ।
মার্চে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার নির্বাসনের ৫০ বছর উদযাপনকে কেন্দ্র করে লাসায় দাঙ্গা-সহিংসতা ছড়িয়ে পড়ার পর এ অঞ্চল পর্যটকদের জন্য অনিরাপদ হয়ে ওঠে। তবে এখন তিব্বত শান্ত এবং নিরাপদ হলেও ওই অঞ্চল ভ্রমণে যেতে বিদেশিদের চীনের ভিসার পাশাপাশি বিশেষ অনুমতির প্রয়োজন পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৯ঘ.
bdnews24