বিসাউ, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স) - গিনি বিসাউ এর প্রেসিডেন্ট জোয়া বারনাডো ভিয়েরা "নিনো" -কে সোমবার হত্যা করেছে দেশটির সেনাবাহিনীর বিদ্রোহী সেনারা। কর্মকর্তারা ও স্থানীয় বাসিন্দারা একথা জানিয়েছেন।
এর আগে রোববার সন্ধ্যায় এক হামলায় সেনাপ্রধান জেনারেল বাতিস্তা টাগমে না ওয়াই নিহত হন।
রাজধানী বিসাউয়ে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে এবং দেশটির নিয়ন্ত্রণে এখন কারা রয়েছে তা ঠিক বোঝা যাচ্ছে না।
বিসাউয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দুই বাসিন্দা বলেছেন, প্রেসিডেন্টের গার্ডরা তাদের বলেছেন যে, তাকে হত্যা করা হয়েছে এবং তার মৃতদেহ প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে পড়ে আছে।
গিনি বিসাউ পর্তুগীজদের সাবেক উপনিবেশ। বিশ্বের অন্যতম দরিদ্র এ দেশটির জনসংখ্যা মাত্র ১৬ লাখ। দেশটি বেশ কয়েকদফায় সামরিক অভ্যুত্থানের শিকার হয়েছে।
প্রেসিডেন্ট ভিয়েরা একজন সাবেক সেনা শাসক। নব্বইয়ের দশকে এক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ২০০৫ সালে নির্বাচনে জিতে পুনরায় দেশের ক্ষমতায় আসেন তিনি।
প্রেসিডেন্ট ভিয়েরার সঙ্গে সেনাপ্রধান জেনারেল বাতিস্তার সম্পর্ক ভাল ছিল না বলে ধারণা করা হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24