ওয়াশিংটন, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কানসাসের ডেমোক্র্যাট গভর্নর ক্যাথলিন সিবেলিয়াসকে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগের জন্য বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ঘোষণা করবেন তিনি।
কানসাস রাজ্যে স্বাস্থ্যসেবার উন্নতিতে সিবেলিয়াসের অভিজ্ঞতা এবং অন্যান্য রাজনৈতিক দলের লোকজনকে সঙ্গে নিয়ে কাজের দক্ষতার বিষয়টি বিবেচনা করে প্রেসিডেন্ট তাকে বাছাই করেছেন বলে শনিবার জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণার পর সিবেলিয়াসের নিয়োগ চূড়ান্ত করতে সিনেটের অনুমোদন লাভ করতে হবে ওবামাকে।
নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী, মার্কিন স্বাস্থ্যখাতের ব্যাপক সংস্কারের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে হোয়াইট হাউসে একটি সম্মেলন ডেকেছেন প্রেসিডেন্ট ওবামা। তার এ পরিকল্পনা বাস্তাবায়নে প্রায় ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে। অবশ্য তারপরও দেশটির প্রায় সাড়ে চার কোটি মানুষ স্বাস্থ্যবীমার বাইরে থেকে যাবে।
স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ওবামার প্রথম পছন্দ ছিলেন আরেক ডেমোক্র্যাট নেতা টম ড্যাশেল। কিন্তু আয়করজনিত দুর্নীতি বিতর্কে শেষপর্যন্ত তার মনোনয়নের বিষয়টি বাতিল হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫০০ ঘ.
bdnews24