ব্যাংকক, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের পার্লামেন্টে শনিবার অনুষ্ঠিত আস্থাভোটে খুব সহজে পার পেয়ে গেছেন প্রধানমন্ত্রী অভিসিত ভেজ্জাজিভা ও তার পাঁচ মন্ত্রী। এতে করে তার নড়বড়ে জোট সরকার এখন শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অভিসিত এবং তার পাঁচ মন্ত্রীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনে প্রধান বিরোধদল পুয়া থাই পার্টি। তাদের এই প্রস্তাবে সমর্থন দেয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মিত্ররা।
তবে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। অভিযুক্ত মন্ত্রীদের মধ্যে আছেন, অর্থমন্ত্রী কর্ন ছটিকাভানজি এবং পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমাইয়া। আস্থাভোটে তারা বেশ বড় ব্যবধানে জিতে গেছে।
অভিসিত বলেন, "আজকের ভোট থেকে বোঝাই যাচ্ছে আমাদের ওপর পার্লামেন্টের আস্থা আছে, কাজেই আমরা এখন সামনে এগিয়ে যাব।"
আস্থাভোটে সবচেয় কম ভোট পেয়েছেন অর্থমন্ত্রী কাসিত। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনিও মন্ত্রিপরিষদে থাকবেন।
বিশ্লেষকরা জানিয়েছেন, সিনাওয়াত্রার সাবেক মিত্রদের একাংশকে সঙ্গে পাওয়ায় অভিসিতের এই জোট সরকারের প্রতি আস্থা ভোট আদৌ সেরকম হুমকি সৃষ্টি করতে পারেনি।
রাজনৈতিক বিশ্লেষক সুখুম নুয়ালসকুল রয়টার্সকে বলেন, "এটা ছিল বিরেধীদের সময় ক্ষেপণের চেষ্টামাত্র।"
তবে আগামী সপ্তাহে ব্যাংককের রাস্তায় বিক্ষোভের সময় সরকার আবার নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৪১০ ঘ.
bdnews24