নয়াদিল্লি, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এপ্রিল-মে মাসে ভারতের সাধারণ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট জয়ী হতে পারে বলে মনে করছেন দেশটির শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য এ জোটকে হয়তো কমিউনিস্টদের সমর্থন পেতে হবে। রয়টার্সের এক জরিপে মঙ্গলবার একথা বলা হয়েছে।
১৪ জন বিশিষ্ট অধ্যাপক, অর্থনীতিবিদ, সম্পাদক, পর্যবেক্ষক, গবেষক ও স্বতন্ত্র রাজনৈতিক বিশ্লেষকের কাছ থেকে মতামত সংগ্রহ করা হয়েছে রয়টার্সের এ জরিপে।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেসের ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) এবং হিন্দু-জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) এর মধ্যে।
এ দুই প্রধান জাতীয় রাজনৈতিক জোটের বিকল্প হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে কমিউনিস্টদের নেতৃত্বে নয়টি ছোট ছোট দলের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে একটি 'তৃতীয় মোর্চা' যাত্রা শুরু করেছে।
বিশ্লেষকদের মতামতের গড় অনুসারে কংগ্রেস নেতৃত্বাধীন 'ইউপিএ' জোটের জয়ের সম্ভাবনা ৩২ ভাগ, কিন্তু তাদের ক্ষমতায় থাকতে হলে কমিউনিস্টদের সমর্থন লাভ করতে হবে। আর কমিউনিস্টদের সমর্থন ছাড়াই তাদের জেতার সম্ভাবনা ২৭ ভাগ।
গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিতর্কিত পরমাণু চুক্তি নিয়ে বিরোধের জের ধরে কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় কমিউনিস্টরা। কিন্তু বিশ্লেষকরা বলছেন, বিজেপি জোটের ক্ষমতায় যাওয়া ঠেকাতে আবারও কংগ্রেস জোটকে সমর্থন দিতে পারে কমিউনিস্টরা।
জরিপে অংশ নেওয়া বিশ্লেষকরা আরও বলেন, বিজেপির নেতৃত্বাধীন 'এনডিএ' জোটের জয়ের সম্ভাবনা ২৩ ভাগ আর কমিউনিস্টদের নেতৃত্বাধীন 'তৃতীয় মোর্চা'র জয়ের সম্ভাবনা মাত্র ১৮ ভাগ।
ভারতে আগামী ১৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত জাতীয় পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির পার্লামেন্টের ৫৪৩টি আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়।
জরিপের কিছু প্রশ্নোত্তর ও সারণি:
১. কংগ্রেস ও বিজেপি কতগুলো আসনে জয়ী হবে?
কংগ্রেস: গড় ১৪৪ - মধ্যক ১৪৩
বিজেপি: গড় ১৩০ - মধ্যক ১৩০
২. সরকার গঠনের ক্ষেত্রে এ সম্ভাবনা কতখানি?
ক) কমিউনিস্টদের সমর্থন নিয়ে ইউপিএ সরকার: গড় ৩২ - মধ্যক ৩০ ভাগ।
খ) কমিউনিস্টদের সমর্থন ছাড়া ইউপিএ সরকার: গড় ২৭ - মধ্যক ২৮ ভাগ।
গ) একটি এনডিএ সরকার গঠনের সম্ভাবনা: গড় ২৩ - মধ্যক ২৫ ভাগ।
ঘ) কমিউনিস্টদের তৃতীয় মোর্চার নেতৃত্বে সরকার: গড় ১৮ - মধ্যক ১০ ভাগ।
৩. ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন?
প্রধানমন্ত্রী মনমোহন সিং - (১২ জনের মত)
পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী - (১ " " )
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী - (১ " " )
লাল কৃষ্ণ আদভানি - (০ " " )
জরিপে যারা অংশ নিয়েছেন:
১. অমূল্য গাঙ্গুলি, স্বতন্ত্র বিশ্লেষক
২. মহেশ রঙ্গরাজন, স্বতন্ত্র বিশ্লেষক
৩. ফণি শেখর, ফান্ড ম্যানেজার, অ্যাঞ্জেল ব্রোকিং
৪. টি. কে. ভৌমিক, প্রধান অর্থনীতিবিদ, জে.কে. অর্গানাইজেশন
৫. অ্যালেস্টেয়ার নিওটন, রাজনৈতিক বিশ্লেষক, নমুরা সিকিউরিটিজ
৬. রূপা রেগি নিতসুরি, প্রধান অর্থনীতিবিদ, ব্যাংক অফ বরোদা, মুম্বাই
৭. প্রাণ চোপড়া, স্বতন্ত্র রাজনৈতিক ভাষ্যকার
৮. ডি.এইচ. পাই পানান্দিকার, দ্যা আরপিজি ফাউন্ডেশন
৯. ড. এন. ভাস্কর রাও, সেন্টার ফর মিডিয়া স্টাডিজ
১০. অধ্যাপক সুধা পাল, জওহর লাল ইউভিার্সিটি
১১. সীমা দেশাই, ইউরেশিয়া গ্র"প
১২. বিনোদ মেহতা, প্রধান সম্পাদক, আউটলুক ম্যাগাজিন
১৩. ভি. অনন্ত নাগেশ্বরণ, চিফ ইনভেস্টমেন্ট অফিসার, এশিয়া প্যাসিফিক, জুলিয়াস বায়ের
১৪. যশবন্ত দেশমুখ, প্রধান, সি-ভোটার পোলিং এজেন্সি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৭৩০ ঘ.
bdnews24