ইসলামাবাদ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে বরখাস্ত হওয়া প্রধান বিচারপতিকে পুনর্বহাল ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দাবি সরকার মেনে নেওয়ায় উল্লাসে মেতে ওঠা আইনজীবীদের সংযত হওয়ার পরামর্শ দিয়েছে সেদেশের পত্র-পত্রিকা। অর্থনীতির দুরবস্থা এবং নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতি যে কোনো সময় রাজনৈতিক ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে মনে করছে দেশটির গণমাধ্যম।
আইনজীবী ও বিরোধীদের তীব্র আন্দোলনের চূড়ান্ত অবস্থায় সোমবার আকস্মিকভাবেই প্রধান বিচারপতিকে পুনর্বহালসহ অন্যান্য দাবিদাওয়া মেনে নেওয়ার ঘোষণা দেয় সরকার।
প্রায় এক সপ্তাহ ধরে চলা আইনজীবী ও বিরোধীদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল পাকিস্তান। সোমবার প্রধান বিরোধী দলসহ বেশ কয়েকটি দলের পার্লামেন্টের সামনে অবস্থান ধর্মঘট করার কর্মসূচি ছিল।
ইংরেজি ভাষার দৈনিক 'নিউজ' মঙ্গলবার সম্পাদকীয়তে লিখেছে, "উৎসব করার মতো অনেককিছুই ঘটেছে। কিন্তু আনন্দ প্রকাশের সময়েও কিছুটা সতর্ক থাকবে হবে।"
পত্রিকাটি জানিয়েছে, পাঞ্জাবের বিষয়ে কী পরিকল্পনা করা হচ্ছে সে বিষয়ে এখনো পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না।
পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাব দেশের রাজনীতিতেও খুবই গুরুত্বপূর্ণ। বড় দু'দলই এই প্রদেশের ক্ষমতায় যেতে উদগ্রীব।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লিগকে (পিএমএল-এন) গত মাসে পাঞ্জাবের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে সরকার। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন নওয়াজের ভাই শাহবাজ শরীফ। দুর্নীতির অভিযোগে শাহবাজ এবং নওয়াজকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এরপর সেখানে কেন্দ্রীয় শাসন জারি করেছেন প্রেসিডেন্ট জারদারি।
নিউজ লিখেছে, "দেশের সবচেয়ে বড় প্রদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জরুরি। যত দ্রুত সম্ভব পাঞ্জাবের অ্যাসেম্বলিকে বসার ব্যবস্থা করতে হবে।"
উদারপন্থী 'ডেইলি টাইমস' লিখেছে, আইনজীবীদের বিক্ষোভ শান্ত হওয়ায় সরকারকে এখন অর্থনীতির দুরবস্থা ও সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের দিকে নজর দিতে হবে। রাজনৈতিক সংকটের মধ্যে অর্থনীতি এখন খুবই বেহাল দশায় আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৬৪০ ঘ.
bdnews24