২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সাহায্য হ্রাসে হিলারির হুঁশিয়ারি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং বিরোধী নেতা নওয়াজ শরীফকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, সমঝোতা চুক্তি না হলে পাকিস্তানে মার্কিন সাহায্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। মার্কিন কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 08:11 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ওয়াশিংটন, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং বিরোধী নেতা নওয়াজ শরীফকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, সমঝোতা চুক্তি না হলে পাকিস্তানে মার্কিন সাহায্য ঝুঁকির মধ্যে পড়তে পারে। মার্কিন কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, গত শনিবার জারদারি এবং নওয়াজাজের সঙ্গে ফোনে কথা বলেন হিলারি। ওদিকে, সোমবার আইনজীবী ও বিরোধীদের তীব্র আন্দোলনের চূড়ান্ত অবস্থায় আকস্মিকভাবেই প্রধান বিচারপতিকে পুনর্বহালসহ অন্যান্য দাবিদাওয়া মেনে নেওয়ার ঘোষণা দেয় পাকিস্তান সরকার। মতৈক্যে পৌঁছানোর জন্য পাকিস্তানের উভয় পক্ষকে হিলারি চাপ দিয়েছেন বলে জানান কর্মকর্তারা। হিলারি সাংবাদিকদের জানিয়েছেন, পাকিস্তানে জাতীয় সংহতি প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর প্রথম প্রথম পদক্ষেপ বরখাস্ত হওয়া প্রধান বিচারপতিকে পুনর্বহাল করা। তবে এর সঙ্গে পাকিস্তানকে দেওয়া মার্কিন সাহায্যের কোনো হেরফের হবে কি-না জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পাকিস্তানের অভ্যন্তরীণ পারিস্থিতি নতুন করে আবার অস্থিতিশীলতার দিকে মোড় নেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ওয়াশিংটন। কেননা আফগানিস্তানে জঙ্গি এবং তালেবানদের বিরুদ্ধে তাদের লড়াইয়ে পাকিস্তানের সহযোগিতা খুবই দরকার। কিন্তু পাকিস্তান নিজেই যদি অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে তারা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে সেভাবে সহযেগিতা করতে পারবে না। রাজনৈতিক অস্থিতিশীলতা পাকিস্তানকে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই থেকে বিচ্ছিন্ন করে ফেলবে কি-না জানতে চাইলে হিলারি বলেন, "তারাই ভাল বুঝবে।" মার্কিন কর্মকর্তারা জানান, পরিস্থিতির অবনতি ঘটলে পাকিস্তানকে আরও সাহায্য দেওয়ার ক্ষেত্রে কংগ্রেস আপত্তি তুলতে পারে বলে জারদারি এবং নওয়াজকে হিলারি জানিয়ে দিয়েছেন। পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এক মার্কিন কর্মকর্তা বলেন, "কংগ্রেসের সম্মতি ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে হিলারি তাদের সতর্ক করে দিয়েছেন।" মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান পরিস্থিতি নিয়ে কংগ্রেসের অনেক সদস্যই উদ্বিগ্ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমটি/১৪১৫ ঘ.