২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদাগাস্কারে প্রেসিডেন্ট প্রাসাদ ও কেন্দ্রীয় ব্যাংক সেনাদের দখলে

মাদাগাস্কারে বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রেসিডেন্টের ক্ষমতার লড়াইয়ে প্রেসিডেন্টকে আরও বিচ্ছিন্ন করে ফেলতে একটি প্রেসিডেন্ট প্রাসাদ ও কেন্দ্রীয় ব্যাংক অবরোধ করে রেখেছে দেশটির সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 07:11 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

আন্তানানারিভো, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মাদাগাস্কারে বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রেসিডেন্টের ক্ষমতার লড়াইয়ে প্রেসিডেন্টকে আরও বিচ্ছিন্ন করে ফেলতে একটি প্রেসিডেন্ট প্রাসাদ ও কেন্দ্রীয় ব্যাংক অবরোধ করে রেখেছে দেশটির সেনাবাহিনী। বিরোধী নেতা আন্দ্রে রাজোলিনাকে প্রকাশ্যে সমর্থন দেওয়ার পরপরই সোমবার রাজধানী আন্তানানারিভোতে একটি প্রেসিডেন্ট প্রাসাদের দখল নেয় সেনাবাহিনী। রাজোলিনা অভিযোগ করেছেন, প্রেডিসেন্ট মার্ক রাভালোমানানা একজন একনায়ক এবং দেশকে একটি প্রাইভেট কোম্পানির মতো শাসন করছেন তিনি। সেনারা প্রেসিডেন্ট প্রাসাদ অবরোধ করার কয়েক ঘণ্টা পর রাজোলিনা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারে নেতৃত্ব দেওয়ার অধিকার তার আছে। বিরোধীদের সমর্থনকারী সেনারা প্রেসিডেন্টকে জোর করে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করলে আমৃত্যু লড়ে যাবেন বলে মঙ্গলবার অঙ্গীকার করেছেন রাভালোমানানা। প্রেসিডেন্টের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, জাতিসংঘ এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলো থেকে সামরিক সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন রাভালোমানানা। বিরোধীদের দিক থেকে পদত্যাগের চাপের মুখে সোমবার রাভালোমানানা গণভোটের প্রস্তাব দিয়েছেন। কে দেশ শাসন করবে, জনগণকে সে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে বিরোধীদের প্রতি তিনি এই প্রস্তাব দিয়েছেন। তবে রাজোলিনা প্রেসিডেন্টের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে গ্রেপ্তারের জন্য নিরাপত্তাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তবে পদত্যাগ করবেন না জানিয়ে প্রেসিডেন্ট রাজধানীর কেন্দ্রস্থল থেকে ১০ কিলোমিটার দূরে ইভালোহা নামে পরিচিত অন্য একটি প্রাসাদে সরে গেছেন। সেনাবাহিনী জানিয়েছে, প্রেসিডেন্টের বাসভবনে হামলায় তাদের কোনো নির্দেশ নেই। রাজধানীতে অবরোধ করে রাখা প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সেনাবাহিনীর এক কর্নেল পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, "প্রাসাদটি এখন আমরা অবরোধ করে রেখেছি। এটাই আমাদের আজকের মিশন। এর থেকে বেশি কিছু করার নির্দেশ আমাদের দেওয়া হয়নি।" তবে সোমবার প্রেসিডেন্ট প্রাসাদ ও কেন্দ্রীয় ব্যাংক অবরোধের নির্দেশ দেননি বলে জানিয়েছেন বিরোধীনেতা রাজোলিনা। টেলিফোনে তিনি রয়টার্সকে বলেন, "এই মুহূর্তে প্রেসিডেন্ট রাভালোমানানার কোনো ক্ষমতাই নেই। আমরা যদি ইভালোহা দখলের চেষ্টা করি, তবে আগামী ৪৮ ঘণ্টায় অনেক কিছুই ঘটবে।" বিভিন্ন রাজনৈতিক সংকটের সময় মাদাগাস্কারের সেনাবাহিনী সাধারণত নিরপেক্ষ অবস্থানে থাকে। তবে এবার তারা বিরোধীনেতাকে সমর্থন দেওয়ায় প্রেসিডেন্টকে বিচ্ছিন্ন করতে চাইছে বলে মনে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৩১৫ ঘ.