নয়াদিল্লি, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলা তদন্তে পাকিস্তানের তোলা ৩০টি প্রশ্নের জবাব দিয়ে ভারত শুক্রবার জানিয়েছে, এখন পাকিস্তানের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।
তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ ভারত প্রকাশ করার পর এর ভিত্তিতে ৩০টি প্রশ্নের উত্তর জানতে চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল পাকিস্তান। ভারত তার দলিলে অভিযোগ করে মুম্বাই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিরাই দায়ী।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বারাম সাংবাদিকদের বলেন, "আমরা আশা করছি তদন্তের বিষয়ে পাকিস্তান দ্রুত এগুবে এবং অপরাধীদের বিচারের জন্য হয় ভারতের কাছে হস্তান্তর করবে অথবা পাকিস্তানেই তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।"
তিনি জানান, পাকিস্তানকে ভারত যে তথ্য-প্রমাণ সরবরাহ করেছে তার মধ্যে আছে, ডকুমেন্টারি, সিডি ও ফরেনসিক রিপোর্ট।
চিদাম্বারাম বলেন, "মুম্বাই হামলার পেছনে কাদের হাত ছিল তা খুুঁজে বের করতে পাকিস্তান যদি আন্তরিক হয় তাহলে আমরা যে তথ্য-প্রমাণ হস্তান্তর করেছি সেটা তাদের কাজে আসবে।"
গত নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হওয়ার পর থেকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে বাক-বিতণ্ডা নতুন মাত্রায় বৃদ্ধি পায়। ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক একটি জঙ্গি গ্র"প লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করে আসছে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১৩০ ঘ.
bdnews24