ইসলামাবাদ, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইনজীবী এবং বিরোধীদের দেশব্যাপী আন্দোলন শান্ত করতে আপসের পথ খুঁজছে সরকার। তবে বিক্ষোভ দমনের চেষ্টায় শুক্রবারও অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিক্ষোভ মিছিলের ওপর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আইনজীবীসহ বিরোধী দলগুলো বৃহস্পতিবার কোয়েটা ও করাচি থেকে রাজধানী অভিমুখে পূর্বঘোষিত লং মার্চ ও বিক্ষোভ শুরু করে। আগামী সোমবার তারা ইসলামাবাদ পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগুচ্ছে।
বিসিসি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে বেশ কয়েকজন আইনজীবী এবং রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা, বিক্ষোভকারীদের গণহারে আটক এবং রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রতিহত করার চেষ্টা করছে সরকার। একই সঙ্গে বিরোধীদের বিক্ষোভ যাতে সংঘাতে রূপ না নেয় এবং এতে করে অচলাবস্থার সৃষ্টি না হয় সে পথও খুঁজছে সরকার।
পরিচয় প্রকাশ না করার শর্তে প্রেসিডেন্টের এক সহযোগী জানিয়েছেন, বিক্ষোভকারীদের সঙ্গে আপসরফার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। আর প্রেসিডেন্ট জারদারিও বিরোধীদের কিছু দাবি মেনে নিতে সম্মত হয়েছেন।
স্বাধীন বিচারবিভাগ ও সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে পুনর্বহালের দাবিতে আইনজীবীরা বিক্ষোভে নেমেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিরোধী দল। পাকিস্তানে তালেবান তৎপরতা ও অর্থনৈতিক মন্দার এই সময়ে এ বিক্ষোভ কর্মসূচি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সরকারকে অস্থিতিশীল করে তুলতে পারে।
ইফতিখারকে পুনর্বহালের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন জারদারি। বিশ্লেষকরা বলছেন, জারদারির আশঙ্কা, ইফতিখারকে পুনর্বহাল করা হলে তিনি তার (জারদারির) প্রতি সাবেক প্রেসিডেন্ট মুশাররফের ঘোষিত সাধারণ ক্ষমা বাতিল করতে পারেন।
তবে প্রেসিডেন্টের ওই সহযোগী জানিয়েছেন, আপস প্রস্তাবে একটি সাংবিধানিক আদালত এবং একটি আপিল আদালত প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। এর মধ্যে একটির প্রধান করা হবে ইফতিখারকে। তাকে ২০০৭ সালে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বরখাস্ত করেন।
আইনজীবীদের এই প্রতিবাদ-বিক্ষোভে সমর্থন দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলও। এতে করে জারদারির সঙ্গে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেলেন নওয়াজ শরীফ।
নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) এর এক শীর্ষ নেতা চৌধুরী নিসার আলি খান ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, "আমরা এখনো বিশ্বাস করি এই সমস্যার সমাধান সম্ভব। নির্বাচিত প্রধানমন্ত্রীকে অবশ্যই তার দায়িত্ব পালন করতে হবে।"
তিনি আরও বলেন, "সংকটের কিনারা থেকে সরে আসার জন্য পুনরায় চিন্তা করার সুযোগ প্রেসিডেন্ট জারদারিও আছে।"
করাচির দক্ষিণে হায়দারাবাদ শহর থেকে গত বৃহস্পতিবার ১৫০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এফএইচবি/এমএইচবি/ ১৯৫১ ঘ.
bdnews24