নিউ ইয়র্ক, মার্চ ১২ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স/বিবিসি)- বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের কারণে বিশ্বের ধনীদের তালিকা থেকে ঝরে গেছে প্রায় এক তৃতীয়াংশ নাম। ফোর্বস ম্যাগাজিনের এই তালিকা থেকে ৩৩২ জন বাদ পড়ার পর বিলিওনিয়ার ডলারের মালিকের ঘরে এখন টিকে আছেন মাত্র ৭৯৩ জন। তবে এদেরও গড়ে ২৩ শতাংশ সম্পদ গায়েব হয়ে গেছে। নতুন হিসাব-নিকেশে বিশ্বের শীর্ষ ধনীর আসনটি ফিরে পেয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
অর্থনৈতিক মন্দাদশার কারণে গত বছর সবমিলিয়ে ধনীদের ২ ট্রিলিয়ন ডলার সম্পদ উধাও হয়ে গেছে। ম্যাগাজিনটি বুধবার এই তথ্য হাজির করে।
গত বছর প্রকাশিত তালিকায় বিশ্বের শীর্ষ ধনী ছিলেন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। তার প্রতিষ্ঠান বার্কশায়ার হাদাওয়ের প্রতিটি শেয়ারের মূল্য রেকর্ড পরিমাণ বেড়ে দেড় লাখ ডলার ছুঁলে বিল গেটস ১৩ বছরের শীর্ষাসন থেকে তৃতীয় স্থানে নেমে যান। গত এক বছরে ৫০ শতাংশ মূল্য হারিয়েছে বার্কশায়ারের শেয়ার। বাফেটের সম্পদ তাই ২৫ বিলিয়ন ডলার কমে গিয়ে এখন ৩৭ বিলিয়নে এসে ঠেকেছে। তালিকায় এখন তিনি দ্বিতীয়।
অন্যদিকে ৪০ বিলিয়ন ডলারের মালিকানা নিয়ে গেটস তালিকায় শীর্ষে উঠে এলেও তার সম্পদ কমেছে ১৮ বিলিয়ন ডলার।
মেক্সিকোর টেলিযোগাযোগ খাতের ব্যবসায়ী কার্লোস স্লিম এবার তৃতীয় শীর্ষ ধনীর আসন পেয়েছেন। তবে বিশ্বমন্দা তার ৬০ বিলিয়ন ডলারের ভাণ্ডার থেকে ২৫ বিলিয়ন ডলার গায়েব করে দেওয়ায় তার কাছে এখন আছে মাত্র ৩৫ বিলিয়ন ডলারের সম্পদ।
বিশ্বব্যাপী আর্থিক সংকটের বড় ধকল পোহাচ্ছেন ভারতের ধনকুবেররাও। ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানি তালিকার ৬ নম্বর থেকে এক বছরে এক ধাক্কায় নেমে গেছেন ৩৪ নম্বরে। ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলার থেকে তার সম্পদের মূল্য নেমে এসেছে ১০ দশমিক ১ বিলিয়নে।
তালিকা থেকে ঝড়ে গেছে অনেক রূশ ও তুর্কি ধনকুবের।
ফর্বস জানিয়েছে, তালিকাটি চূড়ান্ত করার জন্য গত ১৩ ফেব্র"য়ারি ধনীদের সম্পদের ওপর শেষ বারের মতো চকিতে চোখ বুলিয়ে নেয়, তখন পর্যন্ত আগের ১২ মাসে শীর্ষ তিন ধনীর মোট সম্পদ হারানোর পরিমাণ দাঁড়ায় ৬৮ বিলিয়ন ডলার।
ফোর্বস ম্যাগাজিনের প্রধান নির্বাহী স্টিভ ফোর্বস বলেছেন, "পরের বেলায় কী খাবেন তা নিয়ে বিলিওনিয়ারদের দুশ্চিন্তায় ভুগতে হয় না ঠিকই; তবে তাদের সম্পদ কমে যেতে থাকলে এবং নতুন নতুন বিলিওনিয়ারের জন্ম না হলে ধরে নিতে হবে বাকি বিশ্বও ঠিকমত চলছে না।"
বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচবি/১৮০৮ ঘ.
bdnews24