২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশকে জুতা ছোড়া ইরাকি সাংবাদিকের তিন বছরের জেল

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মারা ইরাকি সাংবাদিক মুনতাজের আল-জাইদিকে বৃহস্পতিবার তিন বছরের কারাদণ্ড দিয়েছে বাগদাদের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 10:20 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

বাগদাদ, মার্চ ১২ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়ে মারা ইরাকি সাংবাদিক মুনতাজের আল-জাইদিকে বৃহস্পতিবার তিন বছরের কারাদণ্ড দিয়েছে বাগদাদের একটি আদালত। গত ডিসেম্বরে প্রেসিডেন্ট হিসেবে ইরাকে বুশের বিদায়ী সফরকালে তাকে জুতা ছুড়ে মেরে মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি পান ইরাকের আল-বাগদাদিয়া টেলিভিশনের সাংবাদিক মুনতাজের। বাগদাদের ওই সংবাদ সম্মেলনে জুতা নিক্ষেপ করার সময় চিৎকার করে তিনি বুশকে কুকুর বলেও গালি দেন। মুনতাজেরের আইনজীবী দলের প্রধান দাইয়া আল-সাঈদি রায়ের বিরুদ্ধে আপিল করবেন জানিয়ে বলেন, "তাকে গুরুদণ্ড দেওয়া হয়েছে। ইরাকের আইনের সঙ্গে মানানসই হয়নি এই রায়।" রায় শুনে কান্নায় ভেঙে পড়েন মুনতাজেরের বোন রোকেইয়া। চিৎকার করে তিনি বলতে থাকেন, "আমেরিকার চর মালিকি নিপাত যাক।" তিনি প্রধানমন্ত্রী নূরি আল মালিকির প্রতি এই অভিসম্পাত দিচ্ছিলেন। মুনতাজেরের ভাই উদয় বলেন, "রাজনৈতিক প্রভাবে এই রায় দেওয়া হয়েছে।" বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচবি/এলকিউ/১৬১১ঘ.