বার্লিন, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি মাধ্যমিক স্কুলে বুধবার এক কিশোর বন্দুকধারীর বেপরোয়া গুলিবর্ষণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। জার্মানিতে গত ৭ বছরের মধ্যে স্কুলে এটিই সবচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা। কর্মকর্তারা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ-৩)
যুক্তরাষ্ট্রের আলাবামায় মঙ্গলবার এক বন্দুকধারীর গুলিতে ১৫ জন নিহত হওয়ার পর বুধবার জার্মানির স্কুলে এই গুলির ঘটনা ঘটল।
পুলিশ জানিয়েছে, বাদেন-ভিটেনবার্গ রাজ্যে স্টাগার্ট শহরের ভিনেনডেন এলাকায় গুলিবর্ষণের এ ঘটনা ঘটে।
জার্মান গণমাধ্যম জানিয়েছে, বন্দুকধারী কালো যুদ্ধের পোশাক পরা ছিল। সে ওই স্কুলের প্রক্তন ছাত্র। তার বয়স ১৭। বাবা-মায়ের কাছে থাকা বৈধ অস্ত্র দিয়ে সে ওই হামলা চালায়।
স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে ওই কিশোর স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি করতে শুরু করে। এ সময় স্কুলেই তার গুলিতে নিহত হয় নয় ছাত্র এবং তিন শিক্ষক। এছাড়া স্কুলের পাশের একটি ক্লিনিকের একজন মারা যায় গুলিতে। স্কুল থেকে বের হয়ে সে একজনকে জিম্মি করে গাড়িতে করে পালিয়ে যায়।
পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই কিশোর নিহত হয়। পুলিশ ও বন্দুকধারীর মধ্যে গুলির সময়ে নিহত হয় দুই পথচারী। এছাড়া গুরুতরভাবে আহত হয় দুই পুলিশ।
তবে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেছে না-কি পুলিশের গুলিতে নিহত হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়।
রাজ্য পুলিশের প্রধান এরউইন হিতজার বলেন, "আমি ১৯ বছর ধরে বাদেন-ভিটেনবার্গ পুলিশের প্রেসিডেন্ট, কিন্তু এর থেকে ভয়াবহ কোনো হত্যাযজ্ঞের কথা মনে করতে পারি না।"
বর্লিনে সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল স্থানীয় সময় বিকাল চারটায় এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি বিৃবতি দেবেন বলে তিনি জানান।
পুলিশ জানায়, গুলিবর্ষণের পরপরই স্কুলটি খালি করে দেওয়া হয়েছে। উদ্ধারকর্মী ও দমকলকর্মীরা স্কুলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। শহরে টহল দিচ্ছে হেলিকপ্টার।
গত কয়েক বছরে জার্মানিতে কয়েকটি স্কুলে এ ধরনের গুলির ঘটনা ঘটেছে। ২০০৬ সালে পশ্চিম জার্মানির এমসডেটেন শহরের একটি স্কুলে মুখোশ পরা বন্দুকধারী শরীরে বিস্ফোরক বেঁধে বেপরোয়া গুলি করে। তবে এতে কেউ নিহত হয়নি, আহত হয়েছিল ১১ জন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৩০ঘ.
bdnews24