বাগদাদ, মার্চ ১০ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)-- বাগদাদের পশ্চিমে জনাকীর্ণ একটি বাজার এলাকায় মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৯ জন। আদিবাসী নেতা ও নিরাপত্তাকর্মীদের নিয়ে সরকারি একটি গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার সময় হামলাটি চালানো হয়।
ইরাকের রাজধানীতে গত তিনদিনে এটা ছিল দ্বিতীয় ভয়াবহ হামলা।
ইরাকি পুলিশের ফার্স্ট লেফট্যানেন্ট আহমেদ মাহমুদ বলেছেন, গাড়িবহরটি আবু গারাইব এলাকা অতিক্রম সময় হামলাকারী বিস্ফোরণ ঘটায়। তিনি নিহতের সংখ্যা ৩০ উল্লেখ করেন। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
পুলিশের আরেকটি সূত্র জানায়, আবু গারাইবে একটি সংহতিমূলক বৈঠকের পর আদিবাসী নেতারা গাড়িবহরটিতে করে ওই এলাকা অতিক্রম করছিলেন।
আল-বাগদাদিয়া নামে ইরাকের একটি স্বাধীন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের দুজন সাংবাদিকও রয়েছেন।
একই দিন মসুল নগরীর পূর্বে আল-হামদানিয়া এলাকায় গাড়ি বোমা বিষ্ফোরণে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচবি/১৯০৪ ঘ.
bdnews24