কলম্বো, মার্চ ১০ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)-- শ্রীলংকায় সন্দেহভাজন তামিল টাইগারদের আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত এবং টেলিযোগাযোগ মন্ত্রীসহ ২০ জন আহত হয়েছেন। রাজধানী কলম্বোর ১৬০ কিলোমিটার দক্ষিণে মাতারা জেলায় মঙ্গলবার ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে ওই বোমা হামলা চালানো হয়। দ্বীপরাষ্ট্রটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
মাতারা জেলার গোদাপিটিয়ায় একটি মসজিদের কাছে ধর্মীয় ওই অনুষ্ঠানে ছয় মন্ত্রী উপস্থিত ছিলেন। এদের একজন, শ্রীলংকার তেলসম্পদ বিষয়ক মন্ত্রী এ এইচ এম ফাউজি ঘটনাস্থল থেকে রয়টার্সকে বলেন, "ছয়জন মন্ত্রীর উপস্থিতির সুযোগটি কাছে লাগাতে চেয়েছিল সন্ত্রাসীরা। হামলায় মন্ত্রীদের মধ্যে শুধু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মাহিন্দা ভিজেসকারা আহত হয়েছেন।"
তিনি জানান, ঘটনাস্থলেই মারা গেছে ৭ জন।
গণমাধ্যম বিষয়ক মন্ত্রী অনুরা প্রিয়দর্শনা জাপা জানিয়েছেন, টেলিযোগাযোগ মন্ত্রী এখন 'বিপদমুক্ত'।
শ্রীলংকার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লক্ষণ হুলুগালে হামলার জন্য তামিল টাইগারদের (এলটিটিই) দায়ী করেছেন। তিনি বলেন, "এটা ছিল আত্মঘাতী হামলা। এলটিটিই এই হামলা চালিয়েছে।"
বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচবি/১৪৩৩ ঘ.
bdnews24