২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর মৃত্যুর কারণ দুর্ঘটনাই বললেন স্যাঙ্গেরাই

জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মর্গান স্যাঙ্গেরাই বলেছেন, ট্রাকের ধাক্কায় তার স্ত্রীর মৃত্যুর ঘটনাটি ছিল দুর্ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

হারারে, ৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)-- জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী মর্গান স্যাঙ্গেরাই বলেছেন, ট্রাকের ধাক্কায় তার স্ত্রীর মৃত্যুর ঘটনাটি ছিল দুর্ঘটনা। প্রতিবেশী বতসওয়ানায় চিকিৎসা শেষে দেশে ফিরে নিজ বাড়ির সামনে শোকার্ত লোকজনের উদ্দেশে স্যাঙ্গেরাই বলেন, "এ ধরনের ঘটনায় সবসময়ই কানাঘুষা চলতে থাকে। তবে আমি আপনাদের আস্বস্ত করছি, ওই ঘটনায় কোনরকম অপরাধমূলক তৎপরতা থাকলেও তা থাকার সম্ভাবনা এক হাজারের এক ভাগ মাত্র।" "এটা ছিল দুর্ঘটনা। এই দুর্ঘটনা আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে। আমি নিশ্চিত এখন জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি এটাও নিশ্চিত, সুসানও (তার স্ত্রী) চাইতেন জীবনের এই এগিয়ে চলা।" স্যাঙ্গেরাই জীবনের এক কঠিন সময়ে স্ত্রীকে হারিয়েছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে ঐকমত্যের সরকারে যোগ দেওয়ার পর দেশের বিপর্যন্ত অর্থনীতিকে টেনে তোলার কঠিন চাপের মধ্যে আছেন তিনি। গত শুক্রবারের ওই দুর্ঘটনার ব্যাপারে অনেক জিম্বাবুয়ানই সন্দিহান। মহাসড়কে স্যাঙ্গেরাই ও তার স্ত্রীকে বহনকারী গাড়িকে একটি ট্রাক ধাক্কা দিলে সেটি উল্টে নিহত হন স্ত্রী সুসান। স্যাঙ্গেরাইও আহত হন। স্ত্রী হিসেবে ৩১ বছর স্যাঙ্গেরাইর জীবনের সঙ্গে একান্তভাবে জড়িয়ে ছিলেন সুসান। বলা হয়, মুগাবের বিরুদ্ধে গত ১০ বছরের আন্দোলনের সময় স্যাঙ্গেরাইকে সাহস ও শক্তি যুগিয়ে গেছেন সুসান। বুধবার তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে। ট্রাকটির চালক চিনুয়া মওয়ান্ডাকে সোমবার আদালতে নেওয়া হয়। বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেছেন। বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচবি/১৮৫১ ঘ.