২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূর-পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ইরান

দূর-পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় প্রেস টেলিভিশন রোববার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

তেহরান, মার্চ ০৮ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- দূর-পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় প্রেস টেলিভিশন রোববার এ খবর জানিয়েছে। শত্র" রাষ্ট্র ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনও হামলা প্রতিরোধের দৃঢ়প্রত্যয় দেখাতে ইরান প্রায়ই অস্ত্র পরীক্ষা চালায়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। ইংরেজি ভাষার প্রেস টেলিভিশন স্টেশন স্ক্রল শিরোনামে জানায়, "ইরান দূর-পাল্লার নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।" এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি টেলিভিশনটি। ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম বলে ইরানের সামরিক বাহিনীর এক কমান্ডার মন্তব্য করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রেস টিভি এ খবর জানাল। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি নাচক করেনি ইসরায়েল। যুক্তরাষ্ট্রও সব সময় সে কথাই বলে এসেছে। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে চান। ইরান প্রায়ই বলে থাকে তাদের হাতে এমন ক্ষেপণাস্ত্র আছে যা ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তবে তারা কখনও নির্দিষ্ট লক্ষ্যের কথা জানায়নি। ধারণা করা হয় মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রধারী একমাত্র দেশ ইসরায়েল। বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এলকিউ/২০৪০ ঘ.