লন্ডন, মার্চ ০৮ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দি শিবিরের এক সাবেক বন্দি অভিযোগ করেছেন, পাকিস্তান ও মরোক্কোর কারাগারে তাকে নির্যাতনের সময় সিআইএকে প্রশ্ন দিয়ে সহযোগিতা করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা।
ব্রিটেনে বসবাসকারী বিনায়েম মোহামেদের এই অভিযোগের ফলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে ব্রিটেনের সহযোগিতার বিষয়টি তদন্তে মানবাধিকার সংস্থাগুলোর দাবি আরো জোরালো হবে।
গুয়ান্তানামো থেকে গত মাসে মুক্তি পাওয়ার পর প্রথম সাক্ষাৎকারে মেইল সানডে পত্রিকাকে মোহাম্মদ বলেন, "যখন আমি বুঝতে পারলাম, আমাকে যারা নির্যাতন করছে তাদের সহযোগিতা করছে ব্রিটিশ গোয়েন্দারা, তখন আমার নিজেকে খুব অসহায় মনে হল।"
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, "নির্যাতনকে আমরা ঘৃণা করি, আমরা কখনো নির্যাতনের নির্দেশ দেই না বা করি না। এ ধরনের কোনো অভিযোগ এলে আমরা তা গুরুত্ব দিয়ে তদন্ত করি।"
ইথিওপিয়ার নাগরিক মোহামেদ জানিয়েছেন, ব্রিটেনের এমআই৫ গোয়েন্দাদের কাছ থেকে সিআইএর কাছে যাওয়া টেলিগ্রামের কপি তিনি এবং তার আইনজীবীরা দেখেছেন।
একইভাবে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত মরোক্কোয় বন্দি থাকার সময় এমআই৫ সিআইএ কে বহু টেলিগ্রাম পাঠিয়েছিল বলে তিনি জানান। মরক্কোয় তার ওপর ভয়াবহ নির্যাতন করা হয় বলে তিনি জানান।
এর একটিতে বন্দিদের জন্য আরও প্রশ্ন জিজ্ঞাসা করার অনুরোধ ছিল। আরও ছিল অন্য ব্যক্তি সম্পর্কে লিখিত প্রশ্নের একটি তালিকা। মোহামেদ তাকে চিনতেন কিনা, তার সঙ্গে কোথায় দেখা হয়েছিল, সে কোথায় গেছে এবং তার অভিপ্রায় কি ছিল- এ ধরনের প্রশ্ন ছিল তাতে।
মোহামেদ আরও জানান, এমআই৫ মেমোতে ব্যাকগ্রাউন্ড অনেক তথ্য দেওয়ার প্রস্তাব ছিল যাতে করে প্রশ্নকারীরা বন্দিদের জবাবের অসঙ্গতি ধরতে পারে।
মরক্কোর জিজ্ঞাসাবাদকারীরা যখন এমআই৫ এর সরবরাহ করা প্রশ্নগুলো তাকে করা শুরু করে সে সময়টি তার পরিষ্কার মনে আছে বলে জানান মোহামেদ।
তিনি বলেন, "ব্রিটিশদের সরবরাহ করা ফাইল নিয়ে তারা আমার সামনে হাজির হয়। বড় বড় ফাইল। লন্ডনে বসবাসকারী অনেকের ছবি এতে ছিল।"
"এমআই৫ এর দেওয়া প্রশ্নগুলো যখন তারা আমাকে করতে থাকে তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমার মনে হয়েছে, ব্রিটিশ গোয়েন্দারা আমাকে বেচে দিয়েছে।"
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১৫ ঘ.
bdnews24