২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের প্রতি মনোভাব বদলান: ভারতকে মুশাররফ

ভারত ও পাকিস্তানকে "নোংরা অতীত" ভুলে এ অঞ্চলের ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা মোকাবেলায় একে অন্যের প্রতি মনোভাব বদলাতে হবে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ শনিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 09:58 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

নয়াদিল্লি, মার্চ ৮ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)-- ভারত ও পাকিস্তানকে "নোংরা অতীত" ভুলে এ অঞ্চলের ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা মোকাবেলায় একে অন্যের প্রতি মনোভাব বদলাতে হবে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ শনিবার একথা বলেছেন। শনিবার নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুশাররফ বলেন, "অতীত নোংরা, অতীত বাজে। কিন্তু এর দায় পাকিস্তানের ওপর চাপাবেন না।" তিনি আরও বলেন, "আপনারা আমাদের ক্ষতি করার চেষ্টা করেছেন, আমরাও বসে ছিলাম না। আমরা আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছি।" দশকের পর দশক ধরে অবিশ্বাস ও বিরোধিতার জন্য দুই দেশই দায়ী। এখন এ সমস্ত কিছুকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও জঙ্গি সংগঠনগুলো ভারতে হামলার জন্য দায়ী বলে নয়াদিল্লির নিয়মিত অভিযোগের প্রতি ইঙ্গিত করে সাবেক এই সেনাপ্রধান বলেন, "পাকিস্তানের কিছু ক্ষেত্রে এবং ভারতের অনেক ক্ষেত্রে মনোভাব বদলানো প্রয়োজন।" ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর তিনবার যুদ্ধ করেছে ভারত ও পাকিস্তান। ২০০১ সালে ভারতীয় পার্লামেন্টে হামলার পর চতুর্থবার যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায় প্রতিবেশী এ দেশ দুটি। পরে দুদেশের মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর এ আলোচনা স্থগিত করে ভারত। ওই হামলায় কমপক্ষে ১৭০ জন নিহত হয় এবং হামলার জন্য পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্ক-ই- তৈয়্যবাকে দায়ী করে ভারত। পাকিস্তানের সেনাবাহিনী ও আইএসআই ভারতের সঙ্গে শান্তি স্থাপন করতে আগ্রহী জানিয়ে মুশাররফ বলেন, "জঙ্গিবাদ মোকাবেলায় পাকিস্তানি সেনাবাহিনী ও আইএসআইকে সহায়তা করুন এবং দয়া করে তাদের অপবাদ দেওয়া থেকে বিরত থাকুন।" তিনি আরও বলেন, "দয়া করে সেনাবাহিনী ও আইএসআই'কে বিশ্বের সামনে ভুলভাবে উপস্থাপন করবেন না।" পাকিস্তানের এই প্রেসিডেন্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর গত আগস্টে পদত্যাগ করেন। তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং আঞ্চলিক শান্তি ফেরাতে পাকিস্তান সঙ্কটময় মূহূর্ত অতিক্রম করছে।" কাশ্মির সমস্যার শান্তিপূর্ণ সমাধান খোঁজার মধ্য দিয়েই এ অঞ্চলে জঙ্গি তৎপরতার অবসান ঘটানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন। বিডিনিউজ ২৪ ডটকম/এমডি/এলকিউ/১৫২৫ ঘ.